বাস মালিক সমিতি ও মোটর মালিক গ্রুপের মধ্যে দ্বন্দ্বের জেরে ১১ দিন ধরে পার্বতীপুর থেকে তিনটি রুটে সরাসরি বাস চলাচল বন্ধ রয়েছে। এতে করে ভোগান্তিতে পড়েছেন পার্বতীপুর-দিনাজপুর, পার্বতীপুর-ফুলবাড়ী-রংপুর, সৈয়দপুর-পার্বতীপুর-ফুলবাড়ীÑ তিনটি রুটে চলাচলকারী যাত্রীরা। আর কর্মহীন হয়ে পড়েছেন প্রায় পাঁচ হাজার বাসশ্রমিক।
পার্বতীপুর কেন্দ্রীয় বাসস্ট্যান্ডের দায়িত্ব পালনকারী মালিকপক্ষের সুপারভাইজার মোহসীন আলী ঝেল্লা বলেন, গত ১৮ ডিসেম্বর থেকে দিনাজপুর মোটর মালিক গ্রুপ এবং পার্বতীপুর বাসমালিক সমিতির দ্বন্দ্বের জেরে এই তিনটি রুটের মধ্যে সরাসরি বাস চলাচল বন্ধ রয়েছে। এতে যাত্রীরা যেমন ভোগান্তিতে পড়ছেন, তেমনি কর্মহীন হয়ে মানবেতর জীবনযাপন করছেন সংশ্লিষ্ট শ্রমিকরা।
দিনাজপুর জেলা বাস-মিনিবাস-কোচ মাইক্রোবাস মালিক সমিতির সেক্রেটারি মো. ফয়জার রহমান বলেন, দিনাজপুর বাস মালিক গ্রুপের পক্ষ থেকে পার্বতীপুর-ফুলবাড়ী-রংপুর সড়কে ১২টি বাস ১৫ বছর ধরে চলাচল করছে। এর মধ্যে পার্বতীপুর বাস মালিক সমিতির বাস ছিল ছয়টি; কিন্তু বর্তমানে রয়েছে মাত্র একটি। দিনাজপুর বাস মালিক গ্রুপের সঙ্গে দ্বন্দ্ব তৈরি হওয়ায় গত ১৮ ডিসেম্বর থেকে পার্বতীপুর মালিক সমিতি তাদের এলাকার ওপর দিয়ে এই রুটের বাস চলাচল বন্ধ করে দেয়।
গতকাল রবিবার সরেজমিনে গিয়ে দেখা যায়, পার্বতীপুর কেন্দ্রীয় বাস টার্মিনালে সারি সারি বাস পড়ে আছে। শ্রমিকরা বাস টার্মিনাল চত্বরে গল্প করে সময় পার করছেন। অনেকের চোখে-মুখে দুশ্চিন্তার ছাপ।
বাসচালক সামছুল আলম বলেন, ‘অনেকেই দিন আনে দিন খায়। বাসের চাকা না ঘুরলে তাদের খাবারও জুটবে না।’
দিনাজপুর জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়ন পার্বতীপুর স্ট্যান্ড শাখার যুগ্ম আহ্বায়ক মো. মমিনুল ইসলাম বলেন, ‘বাস চলাচল বন্ধ থাকায় হাজার হাজার শ্রমিক বেকার হয়ে পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। মালিকদের দ্বন্দ্বের কারণে ১১ দিন ধরে এই তিনটি রুটে বাস চলাচল বন্ধ রয়েছে।’
দিনাজপুর জেলা বাস-মিনিবাস-কোচ মাইক্রোবাস মালিক সমিতির সেক্রেটারি মো. ফয়জার রহমান দেশ রূপান্তরকে বলেন, ‘পুরো দিনাজপুর জেলায় দুটি মালিক সমিতি রয়েছে। পার্বতীপুর-ফুলবাড়ী-রংপুর রুটে ৬০ কিলোমিটার সড়কের মধ্যে দিনাজপুরে পড়েছে ৩৫ কিলোমিটার। এর মধ্যে ১৭ কিলোমিটার পার্বতীপুরে আর বাকি ১৮ কিলোমিটার দিনাজপুর সদর উপজেলার মধ্যে পড়েছে। এই সড়কে পার্বতীপুর মালিক সমিতির ১০টি বাস চলাচল করার কথা। কিন্তু বিগত আওয়ামী শাসনামলে দিনাজপুর মালিক গ্রুপ পার্বতীপুরের দিনাজপুর জেলা বাস-মিনিবাস-কোচ মাইক্রোবাস মালিক সমিতির একটি মাত্র বাস চলাচল করতে দেয়। বর্তমানে পার্বতীপুর দিনাজপুর জেলা বাস-মিনিবাস-কোচ মাইক্রোবাস মালিক সমিতির আরও ১০টি বাস এ রুটে চলাচলের জন্য দিনাজপুর বাস মালিক গ্রুপকে চিঠি দেওয়া হয়। কিন্তু সে চিঠির কোনো উত্তর না পাওয়ায় ১৮ ডিসেম্বর পার্বতীপুরের ওপর দিয়ে রংপুরে চলাচলকারী বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।’
সৈয়দপুর-পার্বতীপুর-ফুলবাড়ী রুটে ৩০টি বাস চলাচল করে। এর মধ্যে পার্বতীপুর বাস মালিক সমিতির ২২টি বাস চলে। পার্বতীপুর-দিনাজপুর রুটে চলাচলকারী ২১টি বাসের মধ্যে ৯টি পার্বতীপুর বাস মালিক সমিতির।
দিনাজপুর মোটর মালিক গ্রুপের সভাপতি ভবানী বাবু বলেন, ‘সমস্যা সমাধানে ইতিমধ্যে বিষয়টি জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে জানানো হয়েছে। আশ করছি, দু-এক দিনের মধ্যে বিষয়টি সমাধান হতে পারে।’
গত শনিবার বিকেলে এ ব্যাপারে যোগাযোগ করা হলে দিনাজপুর জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম দেশ রূপান্তরকে জানান, এ ব্যাপারে বাস মালিক সমিতি ও মোটর মালিক গ্রুপ দুই পক্ষকে নিয়ে বিষয়টি সুরাহার চেষ্টা করা হচ্ছে। শিগগিরই সমাধান হয়ে যাবে।
