মাছ ও তরকারি ব্যবসায়ীকে মারধর, অর্ধলক্ষাধিক টাকা ছিনতাই

আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৪, ০৬:৫০ পিএম

চট্টগ্রামে পৃথক জায়গায় মারধর ও কুপিয়ে দুই ব্যবসায়ীর অর্ধলক্ষাধিক টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) ভোর ৫টা থেকে সাড়ে ৫টার মধ্যে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী সুত্রে জানা গেছে, ভোর সাড়ে ৫টার দিকে নগরের বায়েজিদ বোস্তামি থানাধীন অক্সিজেন এলাকায় অটোরিকশার গতিরোধ করে হাটহাজারী এলাকার এক মাছ ব্যবসায়ীকে মারধর করার পর কুপিয়ে ৫০ হাজার টাকা ছিনতাই করে অস্ত্রধারী  ৪/৫ জন দুর্বৃত্ত।

প্রত্যক্ষদর্শী হাটহাজারী উপজেলার চৌধুরীহাট বাজারের মাছ বিক্রেতা সুমন নামের এক যুবক দেশ রূপান্তরকে জানান, প্রতিদিনের মতো হাটহাজারী থেকে সিএনজি অটোরিকশা করে মাছ কিনতে চট্টগ্রাম নগরের ফিশারিঘাট যাচ্ছিলেন এক ব্যবসায়ী। বায়েজিদ বোস্তামি সড়কের ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ মোড়ে পৌঁছালে ছিনতাইকারীদের বহন করা একটি মাইক্রোবাস ওই অটোরিকশার গতিরোধ করে। এরপর মাইক্রোবাস থেকে মুখোশপরা অস্ত্রধারী ৪/৫ জন যুবক নেমে আলমের কাছ থেকে টাকা ছিনিয়ে নেয়। তবে কত টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে তা তিনি জানেন না। বাধা দেওয়ার চেষ্টা করলে ওই মাছ ব্যবসায়ীকে কুপিয়ে আহত করে পালিয়ে যায় ছিনতাইকারীরা। 

এ দিকে গুরুতর আহত মাছ ব্যবসায়ীকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান সুমন । 

অপর একটি সূত্রে জানা গেছে, ওই মাছ ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। 

এ দিকে আজ ভোর ৫টার দিকে হাটহাজারীর লালিয়ারহাট এলাকায় একই কায়দায় সিএনজি অটোরিকশা আরোহী চৌধুরীহাটের তরকারি ব্যবসায়ী জানে আলমকে মারধর করে নগদ ১৬ হাজার টাকা ছিনতাই করে দুর্বৃত্তরা।

ভুক্তভোগী জানে আলম আজ সকালে দেশ রূপান্তরকে বলেন, আজ ভোরে তরকারি আনতে প্রতিদিনের মতো শহরে যাচ্ছিলেন তিনি। তাকে বহন করা সিএনজি অটোরিকশা লালিয়ারহাট এলাকায় পৌঁছালে নম্বরবিহীন একটি মাইক্রোবাস তার গতিরোধ করে৷ এরপর ওই মাইক্রোবাস থেকে ৪/৫ জন মুখোশপরা এবং অস্ত্রধারী নেমে মারধর করে তার (জানে আলম) কাছ থেকে ১৬ হাজার টাকা ছিনিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে দুর্বৃত্তরা।

 এ প্রসঙ্গে জানতে বায়েজিদ বোস্তামি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) একাধিক বার কল করলে সাড়া পাওয়া যায়নি।

বেলা সাড়ে ১১ টার দিকে ওই থানার ডিউটি অফিসার সাব- ইন্সপেক্টর রোকেয়া জানিয়েছেন, অক্সিজেন এলাকায় মাছ ব্যবসায়ীকে মারধর ও কুপিয়ে ৫০ হাজার টাকা ছিনতাইয়ের এমন কোনো ঘটনার সংবাদ তারা পাননি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত