অবসর প্রস্তুতিমূলক ছুটিতে (পিআরএল) যাওয়ার এক দিন আগে বিদায় সংবর্ধনা জানিয়ে দপ্তরের গাড়িচালককে নিজে গাড়ি চালিয়ে বাড়ি পৌঁছে দিলেন যশোরের জেলা প্রশাসক (ডিসি) আজাহারুল ইসলাম।
সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহির দায়ান আমিন জানান, যশোর জেলাপুলের গাড়িচালক হাবিবুর রহমান ১৯৮৫ সাল থেকে জেলা প্রশাসনে কর্মরত ছিলেন। প্রায় চার দশক ধরে তিনি জেলা প্রশাসকের গাড়ি চালিয়েছেন। গতকাল বুধবার থেকে শুরু হয়েছে অবসর প্রস্তুতিমূলক ছুটি। এর আগের দিন মঙ্গলবার জেলা প্রশাসন তাকে বিদায় সংবর্ধনা জানায়। সংবর্ধনা অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম তাকে গাড়িতে যে আসনে সাধারণত জেলা প্রশাসক বসেন সেখানে বসিয়ে নিজে গাড়ি চালিয়ে তাকে শহরের মিশনপাড়ায় তার বাড়িতে পৌঁছে দেন। এ সময় তিনি হাবিবুর রহমানের পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন।
আবেগাপ্লুত হাবিবুর রহমান বলেন, ‘চল্লিশ বছর ধরে আমি জেলা প্রশাসক স্যারদের গাড়ি চালিয়ে এসেছি। বিদায় বেলায় স্যার গাড়ি চালিয়ে বাড়িতে পৌঁছে দিয়েছেন। পরিবার ও প্রতিবেশীদের কাছে আমার সম্মান বেড়েছে।’
হাবিবুর রহমানের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, ‘সততা ও নৈতিক আচরণের প্রশ্নে আপসহীনতার যে দৃষ্টান্ত হাবিব স্থাপন করেছেন, তা সত্যিই বিরল।’
