যুক্তরাষ্ট্রে নববর্ষ উদযাপনের ভিড়ে ট্রাক হামলায় নিহত ১০

আপডেট : ০২ জানুয়ারি ২০২৫, ০৭:১৬ এএম

যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যের নিউ অরলিন্সে নববর্ষ উদযাপনরত জনতার ভিড়ে ট্রাক নিয়ে হামলার খবর পাওয়া গেছে। এতে অন্তত ১০ জন নিহত ও ৩০ আহত হয়েছেন। ওই চালকের গুলিতে দুজন পুলিশ কর্মকর্তাও আহত হয়েছেন।

এদিকে বাজি ফাটাতে গিয়ে জার্মানিতে অন্তত চারজন নিহত হওয়ার খবর দিয়েছে দেশটির সংবাদমাধ্যম ডয়চে ভেলে।

যুক্তরাষ্ট্রের হামলার বিষয়ে বার্তাসংস্থা রয়টার্স গতকাল বুধবার নিউ অরলিন্সের পুলিশপ্রধানের বরাতে হামলার কথা জানিয়েছে। হামলার ঘটনার পর এক সংবাদ সম্মেলনে পুলিশপ্রধান অ্যান কার্কপ্যাট্রিক বলেন, ‘রাত ৩টা ১৫ মিনিটের দিকে এক চালক ইচ্ছাকৃতভাবে জনতার ওপর ট্রাক তুলে দেয়।’ তিনি বলেন, ‘ওই চালক যতজনকে সম্ভব পিষে মারার চেষ্টা করছিল। তিনি ধ্বংসযজ্ঞ ও প্রাণহানির মিশনে নেমেছিল।’

পুলিশপ্রধান আরও জানান, ট্রাক নিয়ে হামলার পর পুলিশের ওপরও গুলি চালায় ঘাতক চালক। এতে দুই কর্মকর্তা আহত হন।

নিউ অরলিন্স নগর কর্তৃপক্ষের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, নববর্ষ উদযাপনের সময় ক্যানাল এবং বার্বন স্ট্রিটের সংযোগস্থলে এ ঘটনা ঘটে।

এর আগে ২০২৪ সালের নভেম্বরে নিউ অরলিন্সের একটি উৎসব চলাকালে হাজারো মানুষের ভিড়ে দুটি পৃথক গোলাবর্ষণের ঘটনায় দুজন নিহত ও ১০ জন আহত হয়।

বাজি ফাটাতে গিয়ে জার্মানিতে নিহত ৪ : জার্মানির বিভিন্ন প্রান্তে নববর্ষের রাতে চারজনের মৃত্যু হয়েছে। বাজি ফাটাতে গিয়ে আগুন লেগে এই ঘটনা ঘটেছে। বাজি থেকেই একটি গুদামে বিরাট আগুন লেগে যায়। এ ঘটনায় তিন শতাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে বলে দেশটির পুলিশ জানিয়েছে।

পুলিশের ধারণা, আতশবাজি থেকেই সেখানে আগুন লাগে। ওই গুদামে কাঠ রাখা ছিল। ফলে দ্রুত আগুন ছড়িয়ে যায়। আশপাশের বাড়িতে আগুন ছড়াতে থাকে। দমকলকর্মীরা আশপাশের বাড়ির মানুষদের নিরাপদ জায়গায় নিয়ে যান।

জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলে বলছে, গত মঙ্গলবার রাতে গোটা দেশেই ব্যস্ত থাকতে হয় পুলিশ এবং দমকলকর্মীদের। আগুন নেভাতে গিয়ে বেশ কিছু জায়গায় আহত হয়েছেন দমকলকর্মীরা। বার্লিনে এক দমকলকর্মীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, একটি সার্জারি করতে হয়েছে। তবে এখনো ওই ব্যক্তির শারীরিক অবস্থা আশঙ্কাজনক।

অন্যদিকে বার্লিনের ইউনিভার্সিটি হাসপাতাল জানিয়েছে, সেখানে আটজনকে ভর্তি করা হয়েছে। ভোরের দিকে আরও সাতজনকে ভর্তি করতে হয়েছে বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

বার্লিন পুলিশ জানিয়েছে, বার্লিনের সিটি সেন্টারকে নো-ফায়ারওয়ার্ক জোন বানানো হয়েছিল। কিন্তু সেখানেও কেউ কেউ আতশবাজি ফাটানোর চেষ্টা করেছিল বলে পুলিশ জানিয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত