মাঠ থেকে যুবদল সভাপতির গলা কাটা লাশ উদ্ধার

আপডেট : ০২ জানুয়ারি ২০২৫, ০২:২৫ পিএম

মেহেরপুরের গাংনীতে যুবদল সভাপতি আলমগীর হোসেনের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার সহড়াবাড়িয়া-কামারখালি সড়কের রাইমনতলা ইছাখালির মাঠ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বনী ইসরাইল লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত আলমগীর হোসেন গাংনী পৌরসভার ১ নম্বর ওয়ার্ড যুবদল সভাপতি ও বাঁশবাড়িয়া উত্তারপাড়ার মইন উদ্দীনের ছেলে।

গাংনী পৌর যুবদলের আহ্বায়ক সাহিদুল ইসলাম জানান, আলমগীর হোসেন গতকাল রাত ১২টা পর্যন্ত গাংনী শহরে আড্ডা দিয়েছেন। পরে গভীর রাত হলেও বাড়ি না ফেরায় তার পরিবার, যুবদল নেতারাসহ আত্মীয়স্বজন বন্ধুদের বাড়িতে খোঁজ করে পাইনি। পরে তার মরদেহ গ্রামের একটি মাঠ থেকে উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে অপহরণ করে নিয়ে যাওয়ার পর পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে।

স্থানীয় জাকির হোসেন ও লোকমান আলী জানান, সকালে রাইমতলা ইছাখালির মাঠে সহড়াবাড়িয়া গ্রামের কামরুল ইসলামের তামাকের জমিতে একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

নিহতের ছোট ভাই আল আমিন জানান, আলমগীর হোসেন রাত থেকে নিখোঁজ ছিলেন। পরিবারের মধ্যে কোনো অশান্তি ছিল না। সবার সঙ্গে তার সুসম্পর্ক ছিল। ধারণা করা হচ্ছে অপহরণের পর হত্যা করা হয়েছে।

ওসি মো. বনী ইসরাইল জানান, হত্যাকাণ্ডের কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। আশা করছি হত্যাকারীদের দ্রুত চিহ্নিত করে গ্রেপ্তার করা সম্ভব হবে। ময়নাতদন্ত করার জন্য মরদেহ মেহেরপুরে মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রীতম সাহা, জেলা বিএনপির আহ্বায়ক জাভেদ মিল্টন, ষোলটাকা ইউপির সাবেক চেয়ারম্যান মনিরুজ্জামান মনিসহ বিএনপি ও যুবদলের নেতারা।

এই হত্যাকাণ্ড সম্পর্কে মেহেরপুর জেলা বিএনপির আহ্বায়ক জাভেদ মাসুদ মিল্টন বলেন, গত ৫ আগস্ট পরাজিত শক্তির ঘাপটি মেরে থাকা সন্ত্রাসীরা জড়িত আছে এই হত্যাকাণ্ডে। বিএনপিকে দুর্বল ও ভীত করার জন্য এটা পরিকল্পিত হত্যকাণ্ড। মেহেরপুরে সর্বত্র পরাজিত শক্তিরা বিচরণ করছে। ভয়ে তাদের বিরুদ্ধে কেউ মামলা করছে না। প্রশাসনও চুপ।

২৪ ঘণ্টার মধ্যে পুলিশ আসামি গ্রেপ্তারে ব্যর্থ হলে দুর্বার আন্দোলন গড়ে তোলা হলে বলে জানান বিএনপির এই নেতা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত