ট্রাম্পের হোটেলের সামনে টেসলার সাইবারট্রাকে বিস্ফোরণ, চালক নিহত

আপডেট : ০২ জানুয়ারি ২০২৫, ০৫:১২ পিএম

লাস ভেগাসে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হোটেলের সামনে ইলন মাস্কের মালিকানাধীন প্রতিষ্ঠান টেসলার একটি সাইবারট্রাক বিস্ফোরিত হয়েছে। এ ঘটনায় ওই গাড়ির চালক নিহতসহ অন্তত সাতজন আহত হয়েছেন। নিউ অরলিন্সে নববর্ষের অনুষ্ঠানে ট্রাকচাপা দিয়ে ১৫ জন হত্যার ঘটনার মধ্যেই বৃহস্পতিবার 'ট্রাম্প ইন্টারন্যাশনাল' হোটেলের সামনে এই ঘটনা ঘটল। 

প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, নিউ অরলিন্সে নববর্ষের অনুষ্ঠানে ট্রাক চাপা দিয়ে ১৫ জন হত্যার ঘটনার সঙ্গে লাস ভেগাসের এই ঘটনার কোনও যোগসূত্র রয়েছে কিনা, তা খতিয়ে দেখছে কর্তৃপক্ষ। এখনো এ ধরনের কোনও যোগসূত্র পাওয়া যায়নি বলি নিশ্চিত করেন তিনি।

এফবিআই ও স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থার মতে, টেসলা ট্রাকের বিস্ফোরণ একটি বিচ্ছিন্ন ঘটনা। তবে এটি 'জঙ্গি হামলা' কিনা সেটা যাচাই করা হচ্ছে।

ট্রাম্পের বড় সমর্থক মাস্কের প্রতিষ্ঠান টেসলার নির্মিত এই ইলেকট্রিক গাড়িটি ট্রাম্প ইন্টারন্যাশনাল হোটেলের কাঁচে ঘেরা ফটকের সামনে এসে দাঁড়ায়। এর কয়েক মুহূর্ত পরই বিস্ফোরিত হয় গাড়িটি। বিস্ফোরণটি 'অনেক জোরালো' ছিল বলে জানিয়েছেন লাস ভেগাসের শেরিফ কেভিন ম্যাকম্যাহিল।

ভিডিও ফুটেজে দেখা গেছে, হোটেলের ফটকের সামনে এসে স্টেইনলেস স্টিলের ট্রাকটি দাঁড়ানোর কিছুক্ষণের মধ্যে বিস্ফোরিত হয় এবং আগুনের লেলিহান শিখায় ভস্মীভূত হয়।

ম্যাকম্যাহিল বলেন, ইতোমধ্যে ট্রাম্পের হোটেলটি থেকে সবাইকে সরিয়ে ফেলা হয়েছে। এই ঘটনায় ওই গাড়ির চালক নিহত এবং সাতজন আহত হয়েছেন। পুলিশ জড়িত কারো নাম প্রকাশ না করে  জানিয়েছেন, সকলেই সামান্য আহত হয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত