ভেনেজুয়েলা

বিরোধী নেতার তথ্য দিলে লাখ ডলার পুরস্কার

আপডেট : ০৪ জানুয়ারি ২০২৫, ১২:২৮ এএম

ভেনেজুয়েলার বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচনে বিরোধী প্রার্থী এডমান্ডো গঞ্জালেজ উরুতিয়াকে আটক করতে তার সম্পর্কিত তথ্য চেয়ে পুরস্কার ঘোষণা করেছে দেশটির কর্র্তৃপক্ষ। গত বৃহস্পতিবার এক লাখ ডলার পরিমাণ পুরস্কার ঘোষণা করা হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

গত বছরের জুলাইয়ে অনুষ্ঠিত নির্বাচনের ফল নিয়ে দেশটিতে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ে। মাদুরো সরকার সেসব চাপ প্রতিহত করে এবং উরুতিযার বিরুদ্ধে ষড়যন্ত্র ও তাণ্ডব চালানোর অভিযোগ আনে। সেপ্টেম্বরে তিনি স্পেনে চলে যান। সেখান থেকে গতকাল তার আর্জেন্টিনা যাওয়ার কথা। আর্জেন্টিনার প্রেসিডেন্ট কার্যালয়ের একটি সূত্র এএফপিকে বিষয়টি নিশ্চিত করেছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে গঞ্জালেজ উরুতিয়া লিখেছেন, ‘লাতিন আমেরিকায় আমাদের ভ্রমণ শুরু হলো। প্রথম স্টপেজ : আর্জেন্টিনা।’

এ ছাড়া এক্সে তার একটি বিবৃতিও শেয়ার করে বলা হয়েছে, শনিবার আর্জেন্টিনার নেতা জেভিয়ার মিলেইর সঙ্গে দেখা করবেন তিনি। দেশটি প্লাজা দে মায়ো চত্বরে সমবেত হতে ভেনেজুয়েলার নাগরিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত