সাভারে ছাত্র হত্যা মামলায় ইউপি সদস্যসহ গ্রেপ্তার ৭ 

আপডেট : ০৫ জানুয়ারি ২০২৫, ০৯:৫৬ পিএম

সাভারে পৃথক অভিযান পরিচালনা করে ছাত্র হত্যা মামলায় এক ইউপি সদস্যসহ ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে দেশীয় ধারালো অস্ত্র ও বিদেশী মদ উদ্ধার করেছে সাভার মডেল থানা পুলিশ।

রবিবার (৫ জানুয়ারি) দুপুরে গ্রেপ্তারকৃতদের সংশ্লিষ্ট মামলায় আদালতে পাঠানো হয়েছে। এর আগে শনিবার রাতে সাভার তেঁতুলঝড়া ইউনিয়নের রাজফুলবাড়িয়া ও বনগাঁও এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন- বৈষম্যবিরোধী আন্দোলনের সময় দায়ের করা ছাত্র হত্যা মামলার আসামি সাভারের বনগাঁও ইউনিয়নের ৬ নং ওয়ার্ড মেম্বার ও যুবলীগের সমর্থক মেহেদী হাসান মদিন (৫০)। 

এ ছাড়া দেশীয় ধারালো অস্ত্র ও মাদকসহ গ্রেপ্তারকৃতরা হলেন- মো. শামীম খান (৪১),মো. সামিনুর রহমান (৪১), মো. শাহীন (৪০), মো. রাজু হোসেন (৩৫) ও মো. হাসানুজ্জামান (৩৬)।

পুলিশ জানায়, শনিবার রাতে সাভারের বনগাঁ ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মেম্বার মেহেদী হাসান মদিনকে ছাত্র হত্যা মামলায় অজ্ঞাত আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়াও সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের রাজফুলবাড়িয়া ভরারি মহল্লার আব্দুল কাদের মালিকাধীন পাঁচতলা ভবনের (লাকি ভিলা) দ্বিতীয় তলার বি-৩ ফ্লাটের থেকে ১৫ টি দেশীয় ধারালো অস্ত্র ও বিদেশী মাদকসহ ৬ জনকে গ্রেপ্তার করা হয়। 

সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) বাদল বলেন, ছাত্র হত্যার মামলায় অজ্ঞাত আসামি হিসেবে মেহেদী হাসান মদিনকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার ৭ দিনের রিমান্ড চেয়ে গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত