নারী নির্যাতন: চ্যাম্পিয়ন্স ট্রফিতে আফগানিস্তান ম্যাচ বয়কটের ডাক

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৫, ১১:১৫ এএম

আফগানিস্তানে তালেবান সরকার ক্ষমতায় আসার পরই দেশটির নারীদের ওপর নেমে এসেছে নানারকম নিষেধাজ্ঞার খড়গ। মেয়েদের পড়াশোনা, খেলাধুলা সব বন্ধ হয়ে গেছে। নারী ক্রিকেটাররা বেশিরভাগই দেশ ছেড়ে পালিয়েছেন। মেয়েদের ঘরের বাইরে যাওয়া বন্ধ। কেউ এর ব্যত্যয় ঘটালেই নেমে আসছে নির্যাতন। এসব ইস্যুতে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে আফগানিস্তান ম্যাচ বয়কটের ডাক দিয়েছেন ১৬০ জন রাজনীতিবিদ।

আগামী মাসে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে আট দলের চ্যাম্পিয়নস ট্রফি। ‘বি’ গ্রুপের ম্যাচে ২৬ ফেব্রুয়ারি লাহোরে আফগানিস্তানের মুখোমুখি হওয়ার কথা ইংল্যান্ডের। এই ম্যাচটি যাতে ইংল্যান্ড বয়কট করে, তার আহবান জানিয়ে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডকে (ইসিবি) আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছেন যুক্তরাজ্যের ১৬০ জনের বেশি রাজনৈতিক ব্যক্তিত্ব।

এই ১৬০ জনের মধ্যে আছেন ব্রিটেনের ক্ষমতাসীন লেবার পার্টির এমপি তোনিয়া আন্তোনিয়াজ্জি, রিফর্ম পার্টির নেতা নাইজেল ফ্যারাজ ও লেবার পার্টির সাবেক প্রধান জেরিমি করবিনও। চিঠিতে লেখা হয়েছে, ‘আমরা ইংল্যান্ড পুরুষ দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের আহ্বান জানাচ্ছি তালেবান শাসনাধীন আফগানিস্তানে নারী ও কন্যাশিশুদের ওপর জঘন্য আচরণ নিয়ে কথা বলতে। আমরা এটাও অনুরোধ করছি, ইসিবি যেন আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটি বয়কট করার কথা ভাবে। তাতে তালেবানের নির্মম আচরণের বিরুদ্ধে সেই বার্তা দেওয়া হবে।’

চিঠির জবাবে ইসিবির প্রধান নির্বাহী রিচার্ড গোল্ড বলেছেন, ‘ইসিবি অবশ্যই তালেবান শাসনে আফগান নারী ও কন্যাশিশুদের প্রতি আচরণের কঠোর নিন্দা জানায়। আফগানিস্তান যে নারীদের ক্রিকেট খেলতে দিচ্ছে না, সে কারণে ইসিবি দেশটির সঙ্গে দ্বিপক্ষীয় সিরিজ খেলা থেকে বিরত আছে। তবে কোনো একটি দেশের একাকী প্রতিবাদের চেয়ে আইসিসি যদি সবাইকে নিয়ে কিছু করে, সেটিই বেশি কার্যকর হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত