নতুন বছরে গুগল

আপডেট : ০৮ জানুয়ারি ২০২৫, ০২:৩৭ এএম

২০২৫ সালে প্রযুক্তি বিশ্বের শীর্ষ প্রতিষ্ঠান গুগল কোন লক্ষ্যকে সামনে রেখে এগিয়ে যাবে সেই পরিকল্পনা জানিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা সুন্দর পিচাই।  দ্রুত বিকাশমান প্রযুক্তির সঙ্গে মানিয়ে নিতে কর্মীদের নিজেদের উদ্ভাবনী ক্ষমতা ব্যবহার করতে বলেন পিচাই। তিনি জানিয়েছেন, নতুন বছরে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তিভিত্তিক বিভিন্ন পণ্য তৈরি এবং এআই প্রযুক্তির উন্নয়নই হবে গুগলের প্রধান লক্ষ্য। বিশেষ করে এআই অ্যাসিস্ট্যান্ট টুল ‘জেমিনি’কে ঘিরেই গুগল ২০২৫ সালের কৌশল সাজিয়েছেন। পিচাই বলেন, ‘গ্রাহকদের জন্য জেমিনি’র উন্নয়নই হবে আগামী বছর আমাদের বড় লক্ষ্য। ’

জেনারেটিভ এআই প্রযুক্তির বাজারে ওপেনএআইর জনপ্রিয় চ্যাটবট চ্যাটজিপিটি বর্তমানে শীর্ষে অবস্থান করছে। তবে গুগল যে খুব পিছিয়ে আছে এমন নয়। বরং জেমিনি’র বদৌলতে এআই’র বাজারে ওপেনএআই’র সঙ্গে ভালোই পাল্লা দিচ্ছে এই সার্চ ইঞ্জিন জায়ান্ট। জেমিনি অ্যাপটিতে চ্যাটবট ছাড়াও গ্রাহককেন্দ্রিক বেশ কিছু এআই ফিচার রয়েছে।

জেমিনিকে নিজেদের ফ্ল্যাগশিপ পণ্যে পরিণত করতে চায় গুগল। এআই প্রযুক্তির সুবিধা কাজে লাগিয়ে গ্রাহকদের দৈনন্দিন জীবনের বাস্তব সমস্যার সমাধান খুঁজে বের করার ওপরও গুরুত্বারোপ করেন গুগল সিইও।

গুগলের স্ট্র্যাটেজি মিটিংয়ে আরও উপস্থিত ছিলেন তাদের এআই গবেষণা প্রতিষ্ঠান ডিপমাইন্ডের সহ-প্রতিষ্ঠাতা ডেমিস হাসাবিস। তিনি জেমিনিকে ঘিরে তাদের পরিকল্পনা বিস্তারিত তুলে ধরেন। ভবিষ্যতে জেমিনিকে বিভিন্ন ডিভাইস, ডোমেইন ও মাধ্যমের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করে তোলার পরিকল্পনার কথা বলেন তিনি। অর্থাৎ, ডিজিটাল পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে আরও বেশি সর্বজনীন হয়ে উঠতে চলেছে জেমিনি। অনুষ্ঠানে গুগলের আসন্ন বেশ কিছু এআই প্রোডাক্ট প্রদর্শন করা হয়। এর মধ্যে ছিল কোডিং অ্যাসিস্ট্যান্ট ‘জুলস’, এআই প্রযুক্তির নোট নেওয়ার টুল ‘নোটবুকএলএম’ এবং মাল্টিটাস্কিং সক্ষমতার ক্রোম এক্সটেনশন ‘প্রোজেক্ট মেরিনার’। এছাড়া এই প্রযুক্তির সার্চ টুলও দেখানো হয় মিটিংয়ে। কোনো কিছুতে প্রথম হওয়ার মানেই সাফল্য নয় বলে মনে করেন পিচাই। তিনি বলেন, ‘ইতিহাসে আপনাকে সব সময় প্রথম হতে হবে না। আপনাকে পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে ভালোভাবে এবং কোনো এক শ্রেণির প্রোডাক্টে সেরা হতে হবে। ২০২৫-এ তাই হতে চলেছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত