দলের কমিটি গঠনের ক্ষেত্রে অন্য রাজনৈতিক দলের কোনো সদস্য বা অরাজনৈতিক ব্যক্তিদের বিএনপিতে যোগদান না করাতে কঠোর নির্দেশনা দিয়েছে বিএনপি। গতকাল বৃহস্পতিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে দলের এ নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বিএনপির ওয়ার্ড থেকে জাতীয় পর্যায় এবং বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের ওয়ার্ড থেকে কেন্দ্রীয় কমিটি পর্যন্ত কোনো স্তরের কমিটিতেই অন্য কোনো রাজনৈতিক দলের নেতাকর্মী বা অরাজনৈতিক ব্যক্তিকে যোগদান করানো যাবে না।’
এতে আরও বলা হয়, ‘কিন্তু গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করা যাচ্ছে, পতিত আওয়ামী লীগ সরকারের বিভিন্ন রাজনৈতিক সংগঠন কৌশলে বিএনপিসহ এর অঙ্গ ও সহযোগী সংগঠনে পদ বাগিয়ে নেওয়ার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। এ বিষয়ে দলের সব পর্যায়ের নেতাকে সতর্ক ও সাবধান থাকতে হবে।’
