১৭ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারে তামিমের ১৫টি কীর্তি

আপডেট : ১১ জানুয়ারি ২০২৫, ০৪:১৪ পিএম

অবশেষে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিলেন তামিম ইকবাল। দেশের ইতিহাসের সেরা এই ওপেনারের ক্যারিয়ার দীর্ঘ ১৭ বছরের। এই লম্বা সময়ে তিনি বহু কীর্তি গড়েছেন। কোনোটা দেশের হয়ে, আবার কোনোটা বৈশ্বিকভাবে। এবার দেখে নেওয়া যাক তামিমের ক্যারিয়ারের রেকর্ড আর কীর্তিগাঁথা।

১. আন্তর্জাতিক ক্রিকেটে ১৫ হাজার রান করা বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান তামিম। অবসরের আগে তার নামের পাশে আছে ১৫ হাজার ১৯২ রান।

২. ক্রিকেটের তিন সংস্করণে সেঞ্চুরি করা বাংলাদেশের একমাত্র ব্যাটসম্যান তামিম। ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে তিনি সেঞ্চুরি হাঁকান।

৩. বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি আন্তর্জাতিক সেঞ্চুরির মালিক তামিম। তিন ফরম্যাটে তার ২৫টি সেঞ্চুরি আছে। বাংলাদেশের আর কারও ২০টির বেশি সেঞ্চুরি নেই। ফিফটি করেছেন মোট ৯৪টি।

৪. ওয়ানডেতে ৮ হাজার রান করা বাংলাদেশের একমাত্র ব্যাটসম্যান তামিম। ২৪৩ ম্যাচে ৮ হাজার ৩৫৭ রান নিয়ে তিনি ক্যারিয়ারের ইতি টানলেন।

৫. ওয়ানডেতে একশ ছক্কা মারা দেশের প্রথম ব্যাটসম্যান তামিম। ক্যারিয়ার শেষ করেছেন ১০৩ ছক্কায়, ১০৭ ছক্কা নিয়ে শীর্ষে মাহমুদউল্লাহ। তিন সংস্করণ মিলিয়েও তামিমের ছক্কা ১৮৮টি, মাহমুদউল্লাহর ২০৮টি।

৬. তিন সংস্করণ মিলিয়ে অন্তত ৫০০ রান করা বাংলাদেশি ব্যাটসম্যানদের সর্বোচ্চ গড় তামিমের, ৩৫.৪১।

৭. টেস্টে টানা পাঁচ ইনিংসে ফিফটি করা বাংলাদেশের একমাত্র ব্যাটসম্যান তামিম। ওয়ানডেও প্রথম ব্যাটার হিসেবে টানা পাঁচ ম্যাচে পঞ্চাশোর্ধ ইনিংস খেলেছেন তামিম। পরে তার কীর্তি ছুঁয়েছেন সাকিব আল হাসান।

৮. ওয়ানডেতে বাংলাদেশের হয়ে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরি করেছেন তামিম। ২০০৮ সালে আয়ারল্যন্ডের বিপক্ষে ১৯ বছর ২ দিন বয়সে ১২৯ রানের ইনিংস খেলেন।

৯. টেস্টে ২০১৫ সালে পাকিস্তানের বিপক্ষে ২০৬ রান করেছিলেন তামিম, যা অনেকদিন দেশের হয়ে সর্বোচ্চ টেস্ট ইনিংসের মর্যাদা পেয়েছিল। পরে সাকিব ২১৭ এবং মুশফিক ২১৯* রানের ইনিংস খেলে তাকে ছাড়িয়ে যান।

১০. ওয়ানডেতে এক ভেন্যুতে সবচেয়ে বেশি রান। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ৮৭টি ওয়ানডে খেলে ২৮৫৩ রান তামিমের।

১১. আন্তর্জাতিক ক্রিকেটে ২২ বার ম্যান অব দা ম্যাচ পুরস্কার জিতেছেন তামিম। বাংলাদেশের হয়ে তার চেয়ে বেশি এই স্বীকৃতি পেয়েছেন শুধু সাকিব, ৪৫ বার।

১২. ক্যারিয়ারে ৭ বার সিরিজসেরা হয়েছেন তামিম। এই রেকর্ডেও তার ওপরে আছেন কেবল সাকিব (১৭ বার)।

১৩. দেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি ৩৬ বার ‘ডাক’ মারার বিব্রতকর রেকর্ডটাও তামিমের। দুইয়ে থাকা মাশরাফি বিন মুর্তজা ‘ডাক’ মেরেছেন ৩৩টি।

১৪. কিপার না হয়েও তিন সংস্করণ মিলিয়ে একশ ক্যাচ নেওয়া বাংলাদেশের চার ফিল্ডারের একজন তামিম। ক্যারিয়ারে তিনি ক্যাচ নিয়েছেন ১০৬টি। এছাড়া সৌম্য সরকার ১১২, সাকিব ১২০ এবং মাহমুদউল্লাহ ১৭২টি ক্যাচ নিয়েছেন।

১৫. টানা তিন টেস্টে সেঞ্চুরি পাওয়া বাংলাদেশের একমাত্র ব্যাটসম্যান তামিম। ২০১৪-১৫ মৌসুমে জিম্বাবুয়ে ও পাকিস্তানের বিপক্ষে তিনি এই কীর্তি গড়েছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত