সরকারি সার-বীজ বিক্রির সময় কৃষি কর্মকর্তা আটক

আপডেট : ১৩ জানুয়ারি ২০২৫, ১২:৪১ এএম

কুড়িগ্রামের চিলমারীতে সরকারি প্রণোদনার আওতায় কৃষকের মধ্যে বিতরণের পাঁচ প্যাকেট সবজিবীজ ও ১২০ কেজি সার কীটনাশকের দোকানে বিক্রির সময় উপসহকারী কৃষি কর্মকর্তাকে স্থানীয় জনগণ আটক করেছেন। গতকাল রবিবার দুপুরে দেড়টার দিকে উপজেলার রমনা মডেল ইউনিয়নের জোড়গাছ বাজারের মেসার্স ইকবাল ট্রেডার্স নামের একটি কীটনাশকের দোকানে সার-সবজিবীজ বিক্রির সময় তাকে আটক করা হয়।

অভিযুক্ত ওই কর্মকর্তার নাম আতোয়ার রহমান। তিনি রমনা মডেল ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের উপসহকারী কৃষি কর্মকর্তার দায়িত্বে রয়েছেন।

জানা গেছে, ঘটনার দিন সকালে উপজেলা কৃষি অফিস থেকে প্রণোদনার বীজ ও সার বিতরণ করা হয়। এদিন দুপুরে প্রণোদনার পুষ্টি বাগানের সবজির বীজ ও সার অফিস থেকে তুলে কীটনাশকের দোকানে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যান তিনি। পরে স্থানীয়রা বিষয়টি বুঝতে পেরে সার, বীজসহ উপসহকারী কৃষি কর্মকর্তাকে আটক করেন।

দোকান মালিক ফারুক ইসলাম বলেন, ‘আমার সারের দোকানে ওই কর্মকর্তা অটোতে করে সার এবং বীজ নিয়ে আসেন।’ বিক্রির উদ্দেশ্যে এনেছেন কি না এমন প্রশ্নে তিনি বলেন, ‘যেহেতু দোকানে নিয়ে এসেছেন, তাহলে অবশ্যই বিক্রির জন্য।’

অভিযুক্ত উপসহকারী কৃষি কর্মকর্তা আতোয়ার রহমান বলেন, ‘পুষ্টি বাগানের বীজ ও সার কৃষকরা তুলে এনে দোকানে রেখেছেন। তারা আগামীকাল নিয়ে যাবেন।’ সার বিক্রির প্রশ্নে তিনি গড়িমসি করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত