কবে থেকে ঢাকা-করাচি ফ্লাইট চালু হবে, জানালেন পাকিস্তানি হাইকমিশনার

আপডেট : ১৪ জানুয়ারি ২০২৫, ০১:০৩ এএম

এ বছরেই বাংলাদেশ থেকে সরাসরি পাকিস্তানে ফ্লাইট চলাচল শুরু হবে বলে জানিয়েছেন দেশটির রাষ্ট্রদূত সৈয়দ আহমেদ মারুফ। আজ সোমবার রাজধানীর একটি হোটেলে ঢাকা সফররত পাকিস্তানি ব্যবসায়ীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। 

সভায় পাকিস্তানের ফেডারেশন অব পাকিস্তান চেম্বার অব কমার্সের (এফপিসিসিআই) সভাপতি আতিফ একরাম শেখ জানান, সমুদ্র এবং আকাশপথে সরাসরি যোগাযোগের সুযোগ না থাকায় এতদিন বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে প্রত্যাশা অনুযায়ী বাণিজ্য বাড়েনি। 

গত অর্থবছর পাকিস্তান থেকে বাংলাদেশ আমদানি করেছে ৬২৮ মিলিয়নের ডলারের পণ্য। অন্যদিকে রপ্তানির পরিমাণ ছিল মাত্র ৬২ মিলিয়ন ডলারের। আমদানি পণ্যের তালিকায় রয়েছে পোশাক শিল্পের কাঁচামাল তুলা, কাপড়, পেঁয়াজ, চুনাপাথর, সোডা অ্যাশ ও রাসায়নিক। সম্প্রতি পাকিস্তানের করাচি থেকে কনটেইনার বহনকারী দুটি জাহাজ সরাসরি বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে আসে। 

এতদিন দুদেশের মধ্যে সরাসরি যোগাযোগ না থাকা, অশুল্ক প্রতিবন্ধকতাসহ নানা জটিলতায় দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়েনি বলে মনে করেন বাংলাদেশ সফররত পাকিস্তানি ব্যবসায়ী প্রতিনিধিরা।

এফপিসিসিআই সভাপতি আতিফ একরাম শেখ বলেন, ‘দুই দেশের মধ্যে বাণিজ্যে পাকিস্তান অনেকটা সুবিধাজনক অবস্থানে আছে। তবে এখন থেকে আমরা বাংলাদেশি পণ্য আমদানিতে সর্বোচ্চ গুরুত্ব দেব। পর্যটনসহ জনগণের মধ্যে সম্পর্ক জোরদারের মাধ্যমে দ্বিপাক্ষিক বাণিজ্য আরও বাড়বে।’ 

বাংলাদেশ থেকে পাকিস্তানে মূলত কাঁচা পাট, ওষুধ, চা, তৈরি পোশাক রপ্তানি হয়। রপ্তানি বাড়াতে যৌথ উদ্যোগে বাংলাদেশে শিল্প কারখানা স্থাপনের প্রস্তাব দেন দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের প্রশাসক মো. হাফিজুর রহমান।

এফবিসিসিআই প্রশাসক বলেন, ‘বাংলাদেশের চামড়া, টেক্সটাইল, ওষুধ, সিরামিক শিল্পের সম্ভাবনাকে কাজে লাগাতে পারে পাকিস্তান। দুদেশের অর্থনীতির স্বার্থেই ব্যবসা ও বিনিয়োগ সম্প্রসারণের নতুন নতুন সুযোগ খুঁজতে হবে।’

এ সময় পাকিস্তানি হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ বলেন, ‘পাকিস্তান-বাংলাদেশ সরাসরি আকাশপথে যোগাযোগে দু'দেশের সরকার আন্তরিকভাবে কাজ করছে। চলতি বছরেই সরাসরি ফ্লাইট চালু হবে। এ দেশের ব্যবসায়ীরা মধ্যপ্রাচ্য, সেন্ট্রাল এশিয়ায় রপ্তানি বাজার সম্প্রসারণে পাকিস্তানকে করিডোর হিসাবে ব্যবহার করতে পারে।’ 

সভা শেষে দ্বিপাক্ষিক বাণিজ্য জোরদারে বাংলাদেশ ও পাকিস্তানের শীর্ষ ব্যবসায়ী সংগঠনের মধ্যে জয়েন্ট বিজনেস কাউন্সিল গঠনে একটি সমঝোতা স্মারক সই হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত