দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান রূপায়ণ গ্রুপের পক্ষ থেকে সিলেটের শীতার্ত দুস্থ মানুষের জন্য কম্বল উপহার দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে উপহারের এই কম্বল বিতরণের জন্য সিলেটের জেলা প্রশাসকের কাছে হস্তান্তর করা হয়।
জেলা প্রশাসক শের মোহাম্মদ মাহবুব মুরাদ কম্বল গ্রহণ করে বলেন, ‘আমাদের সবারই সামাজিক দায়বদ্ধতা রয়েছে যার যার অবস্থান থেকে মানুষের জন্য কাজ করার। বিশেষ করে অভাবী-দুস্থ মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।’ শীতপীড়িত মানুষের জন্য কম্বল উপহার দেওয়ায় রূপায়ণ গ্রুপকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, তাদের এ রকম মহতী কাজ অব্যাহত থাকুক।
এ সময় উপস্থিত ছিলেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আবদুল কুদ্দুস বুলবুল, দৈনিক দেশ রূপান্তরের সিলেট ব্যুরো চিফ ফখরুল ইসলাম, রূপায়ণ গ্রুপের সিলেটের ম্যানেজার-অপারেশন এনামুল হক, এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার শাহজান সেলিম বুলবুল প্রমুখ।
