কুমিল্লায় শিশুকে ধর্ষণের পর হত্যায় আসামির মৃত্যুদন্ড

আপডেট : ১৬ জানুয়ারি ২০২৫, ১২:৩০ এএম

কুমিল্লায় চার বছরের শিশু নাবিলাকে ধর্ষণের পর হত্যা মামলার আসামি মেহরাজ হোসেন তুষারকে মৃত্যুদ- দিয়েছে আদালত। সেইসঙ্গে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে কুমিল্লা জেলা নারী ও শিশু ট্রাইব্যুনাল-১-এর বিচারক নাজমুল হক শ্যামল এ রায় দেন। বাদীপক্ষের আইনজীবী শরীফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। দ-প্রাপ্ত তুষার কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার কৃষ্ণপুর গ্রামের আলী আশরাফের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, ২০১৮ সালের ১৭ ডিসেম্বর চকলেটের লোভ দেখিয়ে শিশু নাবিলাকে ধর্ষণ শেষে হত্যা করে পাশের নির্মাণাধীন বাড়ির কার্নিশে সিমেন্টের ব্যাগে মুড়িয়ে রাখেন তুষার। পরদিন সকালে নাবিলার মরদেহ পাওয়া যায়। পরে তার দাদা আবদুল আজিজ বাদী হয়ে কুমিল্লা সদর দক্ষিণ থানায় অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা করেন। ঘটনার ১৪ দিন পর পুলিশ তুষারকে গ্রেপ্তার করলে তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

এ বিষয়ে নিহত নাবিলার মা হালিমা আক্তার বলেন, ‘গত সাত বছর ধরে মেয়ে হত্যার বিচারের জন্য আদালতের বারান্দায় বারান্দায় ঘুরেছি। অবশেষে রায় হয়েছে, এতে আমি সন্তুষ্ট।’ এ বিষয়ে কুমিল্লা নারী ও শিশু ট্রাইব্যুনালের পিপি বদিউল আলম সুজন বলেন, মামলায় ১৮ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক আসামিকে মৃত্যুদ- দিয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত