বাংলাদেশের রাজধানী ঢাকা, তাই তো এই শহরের ফ্র্যাঞ্চাইজি নিজেদের নাম দিয়েছে ঢাকা ক্যাপিটালস। কিন্তু রাজধানীর দলের বিপিএল পারফরম্যান্স উপজেলা পর্যায়েরও না! ৭ ম্যাচে তারা জিতেছে মাত্র ১ ম্যাচে। যদিও সবশেষ ম্যাচে অনেকগুলো রেকর্ড গড়েই জিতেছে ঢাকা। এই ফর্মটা দেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের মাঠে ধরে রাখতে পারলেই টুর্নামেন্টে টিকে থাকবে ঢাকা, নয়তো রাজধানীতে ফিরে এসে তাদের থাকতে হবে দর্শকের ভূমিকায়। কারণ পয়েন্ট টেবিলের শীর্ষ চার এখনো তাদের জন্য দূরের বাতিঘর।
চট্টগ্রাম পর্বে ঢাকা ক্যাপিটালসের প্রথম ম্যাচ পয়েন্ট টেবিলে তিনে থাকা ফরচুন বরিশালের সঙ্গে। দেশের তারকা ক্রিকেটারে ঠাসা বরিশালের বিপক্ষে ম্যাচটা আজ দুপুরে, চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে। ৩ দিন বিরতির পর ঢাকা পরের ম্যাচটা খেলবে সোমবার, সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে। এরপর বুধবার তাদের প্রতিপক্ষ স্বাগতিক চিটাগং কিংস। তিনটি ম্যাচই শুরু দুপুর ১-৩০ মিনিটে।
ঢাকাকে আশা জোগাতে পারে ব্যাটসম্যানদের ফর্মে ফেরা। সবশেষ ম্যাচে ঢাকা বিপিএলের সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড গড়েছে। সেঞ্চুরি পেয়েছেন লিটন দাস ও তানজিদ হাসান তামিম। তাদের ব্যাটে ভর করে চট্টগ্রামের ব্যাটিংবান্ধব উইকেটে ৩ ম্যাচ থেকে ৬ পয়েন্ট প্রাপ্তি এবারের বিপিএলে বাঁচিয়ে রাখতে পারে ঢাকার আশা।
আজ সন্ধ্যায় মাঠে নামবে বন্দরনগরীর দল চিটাগং কিংস। হেরে আসর শুরু করলেও টানা ৩ ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের দুইয়ে উঠে এসেছে চিটাগং কিংস। ঘরের মাঠের দর্শক সমর্থন তাদের আরেকটু চাঙ্গা করে তুলতেই পারে। নিজেদের শহরে চিটাগং কিংস খেলবে ৫টি ম্যাচ। ভালো ফর্মটা ধরে রাখতে পারলে চট্টগ্রাম থেকেই প্লে-অফের সমীকরণ নিশ্চিত করে ঢাকায় ফিরতে পারে মোহাম্মদ মিথুনের দল। চট্টগ্রামের উসমান খান ৪ ম্যাচে ২৪৯ রান করে আছেন শীর্ষ রান সংগ্রাহকের তালিকার দুইয়ে, ২ ইনিংস বেশি খেলে তার চেয়ে মাত্র ২ রান বেশি শীর্ষে থাকা জাকির হাসানের। সেঞ্চুরির পর টানা দুই হাফসেঞ্চুরিতে উসমান হয়ে উঠেছেন ব্যাটিংয়ে চিটাগং কিংসের বড় ভরসার নাম। সঙ্গে ইংল্যান্ড থেকে আসা গ্রাহাম ক্লার্কও ব্যাট হাতে খেলছেন কার্যকর ইনিংস। পাকিস্তানের পেসার মোহাম্মদ ওয়াসিমও উইকেট পাচ্ছেন নিয়মিত।
৭ ম্যাচের ৭টাতেই জিতে আসরের সেরা দল হয়ে ওঠা রংপুর রাইডার্স মাঠে নামবে শুক্রবার। তাদের প্রথম প্রতিপক্ষ চিটাগং কিংস। স্বাগতিকদের বিপক্ষে রংপুর কি পারবে জয়ের ধারা ধরে রাখতে? নাকি অদম্য রংপুরকে প্রথম হারের স্বাদ দেবে চিটাগং কিংস?
বিপিএলে বরাবরই চট্টগ্রাম পর্বে দেখা গেছে রান উৎসব, রোমাঞ্চকর কিছু ম্যাচ। এবারে সিলেটের রান উৎসবের পর প্রত্যাশার পারদটা আরও উঁচুতে। সেই সম্ভাবনা নিয়ে আজ থেকে মাঠে গড়াবে বিপিএলের চট্টগ্রাম পর্ব, যেখানে অনেকটাই নিষ্পত্তি হয়ে যাবে শেষ চারের হিসাব নিকাশ।
