ফেনী'র পরশুরামে মূহুরী নদীর বেড়িবাঁধের বল্লামুখার ভাঙ্গন পরিদর্শন করেছেন জেলা প্রশাসক সাইফুল ইসলাম,পুলিশ সুপার মো. হাবিবুর রহমান ও বিজিবি’র ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মোশারফ হোসেন ।
বাঁধ পরিদর্শনকালে জেলা প্রশাসক বলেন, ‘দ্রুত বল্লামুখার বেড়িবাঁধ নির্মাণের কাজ শুরু হবে। আতংকিত হওয়ার কিছু নেই। বিষয়গুলো পানি উন্নয়ন বোর্ড দেখছে।’
বুধবার (১৫ জানুয়ারী) দুপরে মির্জানগর ইউনিয়নের নিজ কালিকাপুরে গিয়ে স্থানীয়দের সাথে কথা বলেন তারা। গত বছরের ২০ আগস্টে ভয়াবহ বন্যায় মূহুরী নদীর বল্লামুখায় দীর্ঘ ভাঙ্গনের সৃষ্টি হয়। সীমান্তের এই বাঁধটি ভারতীয় বিএসএফ কেটে দেওয়ায় বন্যার পানিতে পরশুরাম, ফুলগাজীসহ ফেনী ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন বিজিবি’র ফেনী ব্যাটালিয়নের সহকারী পরিচালক নজরুল ইসলাম, পরশুরাম উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমান, পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হাকিম প্রমুখ।
এদিকে ভাঙ্গন পরিদর্শন শেষে নিজ কালিকাপুর বিওপি’র সামনে দুস্থ ও শীতার্ত শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ করেন জেলা প্রশাসক পরে বিলোনিয়া স্থল বন্দর পরিদর্শন করেন ।
