জুলাই-আগস্ট গণহত্যা

এনটিএমসিকে তথ্য সংরক্ষণের নির্দেশ ট্রাইব্যুনালের

আপডেট : ১৭ জানুয়ারি ২০২৫, ০৫:১৫ এএম

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় বিভিন্ন ঘটনা সম্পর্কিত যেকোনো তথ্য যেন মুছে ফেলা না হয় এবং তা সংরক্ষণে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ও ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার (এনটিএমসি) নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। এ ছাড়া সংশ্লিষ্ট বিষয়ে দেশের সব মোবাইল অপারেটর যেন তদন্তকাজে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থাকে সহযোগিতা করে, সে নির্দেশও দিয়েছে আদালত। প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল বৃহস্পতিবার বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে গঠিত ট্রাইব্যুনাল এ আদেশ দেয়।

আদালতের শুনানি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। তিনি পরে সাংবাদিকদের বলেন, গণঅভ্যুত্থান চলাকালে ঘটনার বিবরণ-উপাত্ত, যা এনটিএমসি ও বিটিআরসিতে সংরক্ষিত থাকে, একটি নির্দিষ্ট সময় পর স্বয়ংক্রিয়ভাবে এগুলো মুছে যায়। এই গুরুত্বপূর্ণ তথ্য যেন অক্ষুণœ রেখে আলাদাভাবে সংরক্ষণ করা হয়, তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। তিনি বলেন,‘ভবিষ্যতে জুলাই- আগস্ট গণঅভ্যুত্থানের সময়কার এ ধরনের তথ্য-উপাত্ত বিচারিক কাজে প্রয়োজন হতে পারে। তাই আদালত এনটিএমসি ও বিটিআরসিকে এ নির্দেশ দিয়েছে।’

অ্যাডভোকেট তাজুল বলেন, ‘এখন আধুনিক যুগ। ডিজিটাল অ্যাভিডেন্স অসম্ভব গুরুত্বপূর্ণ বিষয়। এগুলোর ফরেনসিক বা তদন্তকাজে আমাদের সে সুযোগটা আছে। তারপরও আমরা আদালতের আদেশ নিয়েছি। কেননা ইতিহাসের প্রয়োজনে এগুলো প্রয়োজন হবে, বিচারের প্রয়োজনেও প্রয়োজন হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত