হাতকড়াসহ পালানো আসামি দুদিনেও ধরা পড়েনি

আপডেট : ১৮ জানুয়ারি ২০২৫, ০২:২০ এএম

বগুড়ায় চিকিৎসাধীন অবস্থায় পুলিশ হেফাজত থেকে হাতকড়াসহ কলম (৩৪) নামে এক ছিনতাইকারী পালিয়ে গেছে। পালানোর দুদিন পার হলেও গতকাল শুক্রবার বিকেল ৪টা পর্যন্ত গ্রেপ্তার করা যায়নি তাকে। এর আগে গত বৃহস্পতিবার দুপুরে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল থেকে সে পালিয়ে যায়। পালিয়ে যাওয়া আসামি কলম আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম চৌধুরীপাড়ার খোকা মিয়ার ছেলে।

সূত্র জানায়, জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুর হাইস্কুল পাড়া থেকে গত মঙ্গলবার রাতে এক ব্যবসায়ীর টাকার ব্যাগ ছিনিয়ে নেয় তিন ছিনতাইকারী। এ সময় স্থানীয়রা ধাওয়া করে বাঁধন নামে এক ছিনতাইকারীকে আটক করতে পারলেও অন্য দুই ছিনতাইকারী মোটরসাইকেলে করে বগুড়ার আদমদীঘির দিকে পালিয়ে যায়। পরে রাত সাড়ে ৮টার দিকে আদমদীঘির আমইল গ্রাম থেকে স্থানীয়রা ছিনতাইকারী রাজু ও কলমকে আটক করে গণপিটুনি দেয়। তাদের চিকিৎসার জন্য শজিমেক হাসপাতালে নেওয়া হয়। বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) ও মিডিয়া মুখপাত্র সুমন রঞ্জন সরকার জানান, শুক্রবার দুপুর অবধি আসামি কলমকে গ্রেপ্তার করা যায়নি। ঘটনায় অভিযান অব্যাহত রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত