সীমান্তে বিএসএফের কাঁটাতারের বেড়া নিয়ে কয়েক দিন ধরে উত্তেজনা চলছে বাংলাদেশ ও ভারতের মধ্যে। এ পরিস্থিতিতে বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায় সেটি জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। গতকাল শুক্রবার এসব বিষয় নিয়ে সাপ্তাহিক ব্রিফিংয়ে কথা বলেছেন তিনি।
বিএসএফের কাঁটাতারের বেড়ার জের ধরে ভারতীয় রাষ্ট্রদূতকে তলব করেছিল ঢাকা। জবাবে বাংলাদেশের ডেপুটি হাইকমিশনারকে ডেকে পাঠিয়েছিল দিল্লি। সংবাদ সম্মেলনে জয়সওয়াল বলেন, আমরা বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে আমাদের অবস্থান একাধিকবার স্পষ্ট করেছি। আমাদের পররাষ্ট্র সচিব ঢাকা সফরে গিয়েছিলেন। তিনিও স্পষ্ট জানিয়ে এসেছেন যে, আমরা ইতিবাচক সম্পর্ক চাই। আমরা বাংলাদেশ-ভারতের মধ্যে এমন সম্পর্ক চাই, যা দুই দেশের জনগণের জন্য কল্যাণকর হবে। এটি হলো আমাদের ইতিবাচক অবস্থান এবং এ চাওয়া অব্যাহত আছে।
সীমান্তে কাঁটাতারের বেড়া প্রসঙ্গে জয়সওয়াল বলেছেন, আমাদের অবস্থান স্পষ্ট। বাংলাদেশের ডেপুটি হাইকমিশনারকে তলব করে সীমান্ত বেড়া নিয় আমাদের অবস্থান পরিষ্কার করে জানিয়েছি। আমরা আন্তঃসীমান্ত অপরাধমূলক কার্যক্রম, পাচার, কাঁটাতারের বেড়া, লাইট ও প্রযুক্তিগত ডিভাইস স্থাপন এবং গবাদি পশুর বেড়া নির্মাণ করে অপরাধমুক্ত সীমান্ত নিশ্চিত করতে চাই। এ ব্যাপারে ভারত বদ্ধপরিকর। সংবাদ সম্মলনে বাংলাদেশের দ্রুত নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে তাকে প্রশ্ন করা হলেও, কোনো মন্তব্য করেননি তিনি।
উল্লেখ্য, পশ্চিমবঙ্গের মালদা ও বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী অঞ্চলে এ মাসের শুরুতে কাঁটাতারের বেড়া নির্মাণ শুরু করে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এতে বাধা দেয় বিজিবি। এরপর থেকে ভারত সীমান্তে বেড়া নির্মাণ বন্ধ রেখেছে। ভারত দাবি করছে, তারা চুক্তি অনুযায়ী বেড়া তৈরি করছে। তবে ঢাকা জানিয়েছে, সাবেক সরকারের আমলে হওয়া এ চুক্তি পর্যালোচনা করা হবে।
