বগুড়ায় হাসপাতাল থেকে চিকিৎসাধীন অবস্থায় পালিয়ে যাওয়া আসামি শাহাদত হোসেন কলমকে (৩৪) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার বিকেলে বগুড়া সদর থানায় প্রেস ব্রিফিংয়ে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া মুখপাত্র সুমন রঞ্জন সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত বৃহস্পতিবার দুপুরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বাথরুমে যাওয়ার নাম করে আসামি কলম পালিয়ে যায়। তার নামে হত্যা, ডাকাতিসহ চারটি মামলা রয়েছে।
বগুড়া সদর থানা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া মুখপাত্র সুমন রঞ্জন সরকার জানান, হাসপাতাল থেকে পালানোর পর আসামি কলম শহরের মালতিনগরে শাকিল নামের এক ব্যক্তির ভাড়া বাসায় যান। সেখানে হ্যান্ডকাপ খুলে নওগাঁর নেহেন্দা গ্রামে আত্মীয়ের বাড়িতে আশ্রয় নেন। গত শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে জেলা ডিবি পুলিশ ও আদমদীঘি থানা পুলিশ সেখানে অভিযান চালিয়ে কলমকে গ্রেপ্তার করে। তিনি আরও জানান, হাসপাতাল থেকে পালানোর ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগ এনে কর্তব্যরত পুলিশের এএসআই মফিজুল ও কনস্টেবল জাকিরুলকে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে।
