অন্তর্বর্তী সরকার সুষ্ঠু নির্বাচন করতে চায় : ফাওজুল

আপডেট : ১৯ জানুয়ারি ২০২৫, ০৭:৩৮ এএম

বর্তমান অন্তর্বর্তী সরকার শতভাগ জবাবদিহির মাধ্যমে কাজ করার চেষ্টা করছে উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতু এবং রেল মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাওজুল কবির বলেছেন, সরকার একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে চায়। তিনি বলেন, বিগত সরকারের আমলে অনুষ্ঠিত তিন নির্বাচনে মানুষ তাদের ভোটাধিকার হারিয়েছিল। জুলাই অভ্যুত্থানের পর গঠিত সরকার মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতে কাজ করছে।

গতকাল শনিবার সকালে চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির (সিআইইউ) সমাবর্তন-২০২৫ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় চিটাগাং বোট ক্লাবে অনুষ্ঠিত অনুষ্ঠানে সমাবর্তন বক্তা ছিলেন ইয়ংওয়ান করপোরেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং প্রধান নির্বাহী (সিইও) কিহাক সাং। সিআইইউর উপাচার্য অধ্যাপক ড. মীর মোহাম্মদ নুরুল আবসার এতে সভাপতিত্ব করেন। সমাবর্তন অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নুরুন আখতার প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশে উপদেষ্টা ফাওজুল কবির বলেন, সব শিক্ষা ক্লাশরুমের ভেতর থেকে পাওয়া যায় না। কিছু শিক্ষা পরিবেশ-প্রকৃতি থেকে অর্জন করতে হয়। পড়ালেখার পাশাপাশি প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত সততা ও মূল্যবোধের শিক্ষা কর্মজীবনে কাজে লাগাতে হবে।

সমাবর্তন বক্তা কিহাক সাং বলেন,  ‘কোরিয়ায় আমি বাংলাদেশি হিসেবে পরিচিত। আর চট্টগ্রামে চিটাগনিয়ান হিসেবে। চট্টগ্রামবাসীর কারণেই আমাদের সক্ষমতা হয়েছে। আমি নিজেকে চট্টগ্রামের মানুষ ভেবে গর্ববোধ করি। তিনি বলেন, বাংলাদেশ এবং কোরিয়ার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। কোরিয়া-বাংলাদেশের মধ্যে সেতু হিসেবে কাজ করছে এ অ্যাপারেলস সেক্টর।’

সমাবর্তনের মাধ্যমে সিআইইউর বিভিন্ন অনুষদের স্নাতক ও স্নাতকোত্তর স্তরের ২ হাজার ১৮৯ শিক্ষার্থীকে ডিগ্রি দেওয়া হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত