সাভারের হেমায়েতপুরে ব্যবসায়ী সাহাবুদ্দিন হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল জামিনে এসে সাক্ষীসহ পাঁচজনকে কুপিয়ে জখম করেছেন। রবিবার (জানুয়ারি) যাদুরচর মাদবর হাউজিংয়ের পাশে বারেকের বাড়ির সামনে এ ঘটনা ঘটে। আহতরা হলেন মামলার সাক্ষী আহাম্মেদ সানি (৩০), তার মা সেলিনা বেগম, মামা দেলোয়ার, শাহীন ও ফারুক।
ভুক্তভোগীদের স্বজন ও স্থানীয়রা জানায়, ২০২৩ সালের ১৮ ফেব্রুয়ারি সাভারের হেমায়েতপুর বাসস্ট্যান্ডে সাহাবুদ্দিনকে কুপিয়ে হত্যা করার অভিযোগ রয়েছে ফয়সালের বিরুদ্ধে।
ওই ঘটনায় দীর্ঘদিন জেলে ছিলেন প্রধান আসামি ফয়সাল। সম্প্রতি ফয়সাল জামিনে এসে মামলার সাক্ষীদের বিভিন্নভাবে ভয়-ভীতি প্রদানসহ হত্যার হুমকি দেন। রবিবার বিকেলে ফয়সাল ভাড়াটে সন্ত্রাসী নিয়ে মামলার প্রধান সাক্ষী সানির ওপর হামলা করে। তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন তারা।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়া বলেন, ‘হেমায়েতপুরের যাদুর চরে একটি মারামারির ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’
