জুলাই-আগস্ট গণহত্যা

স্বচ্ছ বিচার প্রক্রিয়ার পদক্ষেপ জানতে চাইল জাতিসংঘ

আপডেট : ২০ জানুয়ারি ২০২৫, ০৭:২৭ এএম

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গণহত্যার বিচার প্রক্রিয়ায় সমর্থন অব্যাহত রাখতে জাতিসংঘের প্রতি অনুরোধ জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। অন্যদিকে বিচার প্রক্রিয়া স্বচ্ছ ও নিরপেক্ষ করতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কী ধরনের পদক্ষেপ নিচ্ছে, তা প্রসিকিউশনের কাছে জানতে চেয়েছে জাতিসংঘের প্রতিনিধিদল।

গতকাল রবিবার সকালে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয় পরিদর্শনে আসেন ঢাকায় নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস ও ঢাকায় জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর কার্যালয়ের জ্যেষ্ঠ মানবাধিকারবিষয়ক উপদেষ্টা হুমা খান। তারা ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের সঙ্গে এক বৈঠকে মিলিত হন। আলোচনার বিষয়বস্তু নিয়ে দুপুরে সাংবাদিকদের অবহিত করেন চিফ প্রসিকিউটর।

তিনি বলেন, ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার ও তদন্ত প্রক্রিয়া কেমন এগোচ্ছে, কী পর্যায়ে আছে, কোনো সমস্যা আছে কি না। তাদের (জাতিসংঘের প্রতিনিধি) পক্ষ থেকে সাহায্য সহযোগিতা দরকার আছে কি না। এ বিচার প্রক্রিয়া স্বচ্ছ ও নিরপেক্ষ করার ব্যাপারে কী ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে, কী কী কাজ করা হচ্ছে, সে ব্যাপারে জাতিসংঘের সহযোগিতা দরকার আছে কি না, এসব বিষয় নিয়ে তারা খোলামেলা আলোচনা করেছেন।’

তিনি আরও বলেন, ‘এ বিচার প্রক্রিয়ার প্রতি জাতিসংঘের সমর্থন ব্যক্ত করার জন্য, অব্যাহত সমর্থন যাতে তারা দেন, সে ব্যাপারে আমরা তাদের কাছে অনুরোধ জানিয়েছি। উনারা আমাদের অনুরোধে সাড়া দিয়েছেন।’

তাজুল ইসলাম বলেন, ‘তারা আমাদের জানিয়েছেন যে, যেহেতু বাংলাদেশের মানুষের মধ্যে এ বিচারের ব্যাপারে যে আকাক্সক্ষা আছে, যে অপরাধ হয়েছে, ভুক্তভোগী পরিবার যারা স্বজন ও প্রিয়জনদের হারিয়েছে তাদের বিচার প্রাপ্তির যে অধিকার আছে, এ বিচারটা যাতে ভালোভাবে হয়, সেজন্য জাতিসংঘ বিচার প্রক্রিয়াকে সমর্থন জানাবে যতটুকু তাদের পক্ষে সম্ভব।’

অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেন, ‘তাদের কাছে আমরা অনুরোধ করেছি আমাদের প্রসিকিউশন এবং তদন্ত সংস্থাকে প্রশিক্ষিত করতে সহযোগিতা দেওয়ার জন্য। যদি ব্যবস্থা গ্রহণ করা হয় সেটা আমাদের জন্য সহায়ক হবে।’ সৌজন্য সাক্ষাতের পাশাপাশি প্রসিকিউশন ও তদন্ত সংস্থার সমন্বয়ে একটি প্রশিক্ষণ পর্ব ছিল বলে জানান তিনি। ভবিষ্যতে জাতিসংঘের তত্ত্বাবধানে আরও প্রশিক্ষণ পর্ব অনুষ্ঠিত হবে বলে জানান চিফ প্রসিকিউটর।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত