আমদানি করা শিল্পের কাঁচামাল খালাসে বিলম্ব এড়াতে শর্তসাপেক্ষে সাময়িক ছাড়পত্র দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। গত মঙ্গলবার এ-সংক্রান্ত একটি পত্র জারি করা হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, আমদানি নীতি আদেশ অনুযায়ী, ৭৯টি পণ্য আমদানি করা হলে কাস্টমস কর্র্তৃপক্ষের চূড়ান্ত শুল্কায়নের আগে বিএসটিআই থেকে ছাড়পত্র নেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। শিল্পের কাঁচামাল সরাসরি বাজারে বিক্রয়-বিতরণ করা হয় না বিধায় বিএসটিআইর বাধ্যতামূলক পরীক্ষণ ও ছাড়পত্রের আওতাভুক্ত শিল্পের কাঁচামাল হিসেবে আমদানিকৃত পণ্যগুলোর খালাস প্রক্রিয়া সহজীকরণের লক্ষ্যে কনসাইনমেন্ট ভিত্তিতে কিছু শর্তে সাময়িক ছাড়পত্র দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিএসটিআই যেসব শর্তে শিল্প কাঁচামালের ক্ষেত্রে বন্দর খালাসে সাময়িক ছাড়পত্র দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, এর মধ্যে রয়েছে আমদানিকারক প্রতিষ্ঠানকে শিল্পে কাঁচামাল হিসেবে ব্যবহারের সপক্ষে উপযুক্ত প্রমাণক, কোন গোডাউনে কাঁচামাল সংরক্ষণ করা হবে তার পূর্ণাঙ্গ ঠিকানাসহ যে বন্দরের মাধ্যমে পণ্য আমদানি করা হয়েছে, ওই বন্দরসংশ্লিষ্ট বিএসটিআই অফিসে কনসাইনমেন্টের অনুকূলে সাময়িক ছাড়পত্র গ্রহণের জন্য আবেদন দাখিল করা, বিএসটিআই কর্র্তৃক সংশ্লিষ্ট বন্দর থেকে ওই পণ্যের নমুনা সিল করে পরীক্ষার জন্য বিএসটিআইর সংশ্লিষ্ট ল্যাবরেটরিতে পাঠানোর নমুনা জমাদানপত্র ও আমদানিমূল্যের ওপর হার অনুযায়ী প্রযোজ্য ছাড়পত্র ফি (অফেরতযোগ্য) পরিশোধের জন্য বিলপত্র আমদানিকারক বরাবর ইস্যু করা; আমদানিকারক বা তার প্রতিনিধি সিলকৃত নমুনা বিএসটিআইর সংশ্লিষ্ট ল্যাবরেটরিতে জমাদানের পর পরীক্ষণ ফি ও ছাড়পত্র ফি (অফেরতযোগ্য) পরিশোধের রসিদ বিএসটিআইর সংশ্লিষ্ট কার্যালয়ে জমাদানের পর বিএসটিআই ওই কনসাইনমেন্টের অনুকূলে সাময়িক ছাড়পত্র প্রদান করবে। বিজ্ঞপ্তি
