চাঁপাইনবাবগঞ্জের চৌকা ও কিরণগঞ্জ সীমান্তে সাম্প্রতিক অস্থিরতার মুখে গতকাল বুধবার বিজিবি ও বিএসএফের সেক্টর কমান্ডার পর্যায়ে সৌজন্য বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে সীমান্তের ১৫০ গজের ভেতরে বাংলাদেশি ও ভারতীয় কৃষক ছাড়া অন্য কেউ প্রবেশ করবে না বলে সিদ্ধান্ত হয়েছে।
সকালে চাঁপাইনবাবগঞ্জের বিজিবির সোনামসজিদ সীমান্ত ফাঁড়ির সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে বিজিবির প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার কর্নেল মো. ইমরান ইবলে এ রউফ এবং বিএসএফ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বিএসএফের মালদা সেক্টরের ডিআইজি অরুণ কুমার গৌতম। বৈঠকে চাঁপাইনবাবগঞ্জ ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া, ১১৯ বিএসএফ ব্যাটালিয়নের অধিনায়ক সুরজ সিংসহ দুই বাহিনীর স্টাফ অফিসাররা উপস্থিত ছিলেন।
বৈঠক সূত্র জানিয়েছে, সৌহার্দ্যপূর্ণ পরিবেশে প্রায় ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত বৈঠকে সীমান্তের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়।
৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া জানান, বৈঠকে সার্বিক আলোচনায় কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, সীমান্তের ১৫০ গজের ভেতরে বাংলাদেশি ও ভারতীয় কৃষক ছাড়া অন্য কেউ প্রবেশ করবে না। সীমান্তসংক্রান্ত যেকোনো সমস্যা বিজিবি ও বিএসএফের মধ্যে আলোচনা করে সমন্বিতভাবে সমাধান করা হবে। উভয় দেশের মিডিয়া কর্তৃক সীমান্ত সম্পর্কিত কোনো ধরনের অপপ্রচার বা গুজব ছড়ানো যাবে না। এ ছাড়া সীমান্তে অবৈধ অনুপ্রবেশ রোধ ও চোরাচালান বন্ধে যথাযথভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
গত শনিবার চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের চৌকা সীমান্তে গাছ কাটা ও ফসল নষ্ট করা ঘিরে সীমান্তবর্তী দুই গ্রামবাসীর সংঘর্ষে সীমান্ত এলাকার জমির ব্যাপক ফসল নষ্ট হয়। সংঘর্ষে ভারতীয়রা ককটেল, সাউন্ড গ্রেনেড হামলাসহ ব্যাপক ইট-পাথর নিক্ষেপ করে। এতে চার বাংলাদেশি আহতও হয়।
