জ্বালানি খাতে সুশাসন নিশ্চিতসহ নবায়নযোগ্য জ্বালানির রূপান্তরে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে নীলফামারীতে মানববন্ধন করেছে সচেতন নাগরিক কমিটি (সনাক)। আন্তর্জাতিক ক্লিন এনার্জি (পরিচ্ছন্ন জ্বালানি) দিবস উপলক্ষ্যে আজ রবিবার (২৬ জানুয়ারি) সকাল ১০টার দিকে জেলা শহরের চৌরঙ্গী মোড়ে ঘণ্টাব্যাপী চলমান মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন সনাক সহ-সভাপতি শামীমা হক।
এ সময় তিনি তার বক্তব্যে বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় এবং নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরের জন্য জাতীয় ও আন্তর্জাতিকভাবে অঙ্গীকারবদ্ধ হলেও বাংলাদেশ এখনও আমদানি নির্ভর জীবাশ্ম জ্বালানির ওপর অতি নির্ভরশীল।
টিআইবির গবেষণাসহ নির্ভরযোগ্য বিভিন্ন তথ্য ও বিশ্লেষণমতে বিদ্যুৎ ও জ্বালানির মতো জাতীয় গুরুত্বপূর্ণ ও কৌশলগত অগ্রাধিকার খাতে বিবিধ অসঙ্গতি, সুশাসনের ঘাটতি, অনিয়ম এবং দুর্নীতি বিদ্যমান। তিনি এসব বিষয়ে সংশ্লিষ্টদের কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
এ সময় আরও বক্তব্য রাখেন এসিজি সহ-সমন্বয়ক জিয়াউল খান, সদস্য বাসুদেব অধিকারী, বেসরকারি সংগঠন ও বিএটি হেল্পেস সৈয়দপুর প্রতিনিধি মো. ওয়াসিম আকরাম, ইয়েস দলনেতা মো. আব্দুল কুদ্দুসসহ প্রমূখ।
মানববন্ধনে সনাক, ইয়ুথ এনগেজমেন্ট এন্ড সাপোর্ট (ইয়েস), একটিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি) সহ বিভিন্ন পরিবেশবাদী সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন।
