বরিশাল ব্রজমোহন (বিএম) কলেজের এক শিক্ষার্থীর কাছ থেকে হাফ ভাড়া না নেওয়ার ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থী ও শ্রমিকদের মধ্যে সংঘর্ষ, হামলা এবং পাঁচটি বাস ভাঙচুরের ঘটনায় ধর্মঘটের ডাক দিয়েছে শ্রমিকরা।
গতকাল মঙ্গলবার রাত ৮টা থেকে অনির্দিষ্টকালের জন্য এ ধর্মঘটের কারণে বরিশালের রূপাতলী টার্মিনাল থেকে দক্ষিণাঞ্চলের পাঁচ জেলার ১৯টি রুটে বাস চলাচল বন্ধ হয়ে যায়। ফলে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।
আন্দোলনরত শ্রমিকরা জানিয়েছেন, জানমালের নিরাপত্তা এবং হামলাকারীদের গ্রেপ্তার নিশ্চিত না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে। সংঘর্ষে দুই পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।
এর আগে, গতকাল বিকেলে বিএম কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের এক ছাত্রী বরিশাল-ঝালকাঠি সড়কে একটি বাসে হাফ ভাড়া দিতে চাইলে বাসের হেলপার তার সঙ্গে তর্ক ও খারাপ আচরণ করে। বিষয়টি জানাজানি হলে শিক্ষার্থীরা টার্মিনালে বিক্ষোভ করে। এতে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া, বাস শ্রমিক ইউনিয়নের কার্যালয় এবং পাঁচটি বাস ভাঙচুরের ঘটনা ঘটে।
শ্রমিকদের দাবি, সংঘর্ষে সাত শ্রমিক আহত হয়েছেন এবং তাদের প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে।
শিক্ষার্থী সাব্বির আহমেদ অভিযোগ করেন, ‘আমরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছিলাম। কিন্তু শ্রমিকরা ধারাল অস্ত্র ও লাঠিসোটা নিয়ে আমাদের আক্রমণ করেছে। আমাদের তিনজন আহত হয়েছে। হাফ ভাড়া নিশ্চিত ও দায়ীদের বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।’
যাত্রী আবদুল মালেক বলেন, ‘পিরোজপুর থেকে চিকিৎসা নিতে বরিশালে এসে ধর্মঘটে আটকে গেছি। অসুস্থ শরীর নিয়ে কোথায় যাব বুঝতে পারছি না।’
বরিশাল বিভাগীয় বাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক প্রকৌশলী আনোয়ার হোসেন বলেন, ‘আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান সম্ভব ছিল। কিন্তু হঠাৎ টার্মিনালে হামলা ও ভাঙচুর ঘটেছে। বিচার না হওয়া পর্যন্ত বাস চলাচল বন্ধ থাকবে।’
এদিকে, বরিশাল ট্রাফিক বিভাগের পরিদর্শক বিদ্যুৎ চন্দ্র দে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।
কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, সংঘর্ষের পর ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
মহাকুম্ভ মেলায় পদদলিত হয়ে ৭ জন নিহত
ট্রাম্পের আদেশ, মেক্সিকো উপসাগরের নাম 'আমেরিকা উপসাগর' করবে গুগল ম্যাপস
টিভিতে আজ যেসব খেলা