কারিগরি শিক্ষা অধিদপ্তরের পলিটেকনিক ইনস্টিটিউট ও টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ‘জুনিয়র ইনস্ট্রাক্টর (টেক)’ পদে নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপনের কার্যক্রমের ওপর গত সোমবার স্থগিতাদেশ দিয়েছিল হাইকোর্ট। এতে চূড়ান্তভাবে মনোনীত ৩ হাজার ১৭৩ জন প্রার্থীর নিয়োগ আটকে যায়। তবে সর্বোচ্চ আদালতের আদেশে তাদের নিয়োগের পথ খুলেছে।
রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল বুধবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে গঠিত আপিল বিভাগ হাইকোর্টের আদেশের ওপর তিন সপ্তাহের স্থগিতাদেশ দিয়েছেন। একই সঙ্গে হাইকোর্টের দেওয়া এ সংক্রান্ত রুল নিষ্পত্তির নির্দেশ দিয়েছে আপিল বিভাগ। এ নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ নিয়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে নিয়োগ বঞ্চিত ১৮ জন সম্প্রতি এ রিট আবেদনটি করেছিলেন।
