এক যুগ পর ভারতের ঘরোয়া প্রথম শ্রেণির টুর্নামেন্ট রঞ্জি ট্রফি খেলতে নেমেছেন বিরাট কোহলি। তাকে দেখতে ভিড় উপচে পড়েছে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে। মাঠে ঢোকার লাইনে হুড়োহুড়ির কারণে পদপিষ্ট হয়ে আহত হয়েছেন বহু দর্শক। তবে বড় কোনো দুর্ঘটনা ঘটেনি। এছাড়া খেলা চলাকালীন এক যুবক মাঠেও ঢুকে পড়েছিলেন।
কোহলির খেলা যাতে বেশি সংখ্যক মানুষ দেখতে পারেন, সেই কারণে এই ম্যাচের কোনো টিকিট রাখেনি দিল্লি ক্রিকেট অ্যাসোসিয়েশন। ফলে সকাল ৮টা থেকেই স্টেডিয়ামের বাইরে ভিড় জমতে শুরু করে। তিনটি গেট দিয়ে দর্শকদের মাঠে ঢোকার ব্যবস্থা করা হয়েছিল। সকাল ৯টায় গেট খুলতেই সবাই হুড়মুড় করে ঢুকতে শুরু করে ভালো জায়গায় আসন দখলের আশায়। এতেই বাঁধে বিপত্তি।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, মাঠে ঢুকতে অনেকেই ঠেলাঠেলি করতে শুরু করেন। অনেকে মাটিতে পড়ে যান। তাদের ওপর দিয়ে কিছু দর্শক যাওয়ার চেষ্টা করেন। এ সময় পদপিষ্ট হয়ে অনেকে আহত হন। অনেক দর্শকের কোলে বাচ্চা ছিল। ফলে পরিস্থিতি আরও খারাপ হতে পারত। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হিমশিম খান নিরাপত্তারক্ষীরা। এই ঘটনায় একজন নিরাপত্তারক্ষীও আহত হয়েছেন।
একপর্যায়ে স্টেডিয়ামে কিছু দর্শক বিক্ষোভ করেন। দায়িত্ব পালনে ব্যর্থতার অভিযোগ তুলে পুলিশের কয়েকটি বাইকও ভাঙচুর হয়। ঘটনা শেষে দেখা যায়, ধাক্কাধাক্কি ও পদপিষ্টের প্রমাণ হিসাবে স্টেডিয়ামের গেটের বাইরে অসংখ্য জুতো পড়ে থাকতে দেখা যায়। ভিড় সামলাতে বাধ্য হয়ে আরও একটি গেট খুলতে হয়। আহতদের উদ্ধার করে মাঠেই তাঁদের চিকিৎসা হয়। তাদের অনেককে বাড়িও পাঠিয়ে দেওয়া হয়েছে বলে খবর।
ম্যাচ শুরু হওয়ার পরে দর্শকদের উন্মাদনা আরও বাড়ে। যতবার জায়ান্ট স্ক্রিনে কোহলিকে দেখানো হয়েছে, ততবার প্রকম্পিত হয়েছে গ্যালারি। এক পর্যায়ে স্লিপে দাঁড়িয়ে থাকা কোহলির কাছে যেতে মাঠে নেমে পড়েন এক যুবক। কোহলির কাছে গিয়ে তাকে প্রণাম করেন। অবশ্য তারপরই তাকে ধরে বাইরে নিয়ে যান নিরাপত্তারক্ষীরা। এই ঘটনার পর বাউন্ডারির বাইরে নিরাপত্তা বাড়ানো হয়। রীতিমতো তুলকালাম!
আফগান নারী ক্রিকেটারদের প্রত্যাবর্তন, একটি ম্যাচ যেন আন্দোলন
প্রতিটি ম্যাচকেই ফাইনাল মনে করে রস
শান্ত কেন একাদশে নেই, জানালেন তামিম
'আগুন দেখে ভেবেছিলাম সাংবাদিকরা তাদের শিরোনাম পেয়ে গেছেন'