দহগ্রাম সীমান্ত

কাঁটাতারের বেড়ায় বাঁশ বেঁধে শক্ত করছে বিএসএফ

আপডেট : ৩১ জানুয়ারি ২০২৫, ০৭:২২ এএম

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কাঁটাতারের বেড়ায় বাঁশের বাতা বেঁধে শক্ত করার চেষ্টা করেছে। বিজিবি এতে আপত্তি জানালেও বিএসএফের সদস্যরা তা উপেক্ষা করে কাজ চালিয়ে যায়। এ ঘটনার একটি ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

গত মঙ্গলবার দুপুরের দহগ্রাম ইউনিয়নের হাঁড়ি পাড়া সীমান্তে বিএসএফের জিরোর লাইনে লাগানো কাঁটাতারের বেড়ায় বাঁশের বাতা দিয়ে শক্ত করার চেষ্টার ঘটনাটি ঘটে। এ সময় বিজিবি তাতে বাধা প্রদান করেন।

এক মিনিট ৫১ সেন্ডের ছড়িয়ে পড়া একটি ভিডিও তো দেখা যায়, সম্প্রতি বিজিবি-বিএসএফের উচ্চ পর্যায়ের সিদ্ধান্ত অনুযায়ী সীমান্তে উভয় দেশ আপাতত কোনো ধরনের নির্মাণকাজ করবে না বিজিবির একজন জওয়ান এ কথা স্মরণ করিয়ে দেওয়ার চেষ্টা করলেও ভিডিওতে দেখা যায়, তা উপেক্ষা করে তর্ক জুড়ে দেয় বিএসএফ সদস্য। এ সময় একজন বিএসএফ সদস্যকে দম্ভোক্তি দেখিয়ে হিন্দিতে বলতে শোনা যায়, ‘আমরা কাজ করব তোমার যা করার তুমি করো’।

জানুয়ারির শুরুর দিকে বিএসএফ ওই সীমান্ত এলাকায় ভারত প্রায় দেড় কিলোমিটার জুড়ে চার ফুট উচ্চতার কাঁটাতারের বেড়া দেয়। বিজিবির বাধার মুখে বিষয়টি দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনীর উচ্চ পর্যায়ে আলোচনায় গড়ায় এবং সিদ্ধান্ত হয়, আপাতত কোনো নতুন নির্মাণকাজ করা হবে না। কিন্তু মাত্র কয়েক সপ্তাহের ব্যবধানে সেই একই বেড়ায় বাঁশ লাগানোর ঘটনাকে কীভাবে দেখা উচিত? বিজিবি এটিকে ‘চুক্তি লঙ্ঘন’ বলে দাবি করলেও স্থানীয়দের অনেকেই মনে করছেন এটি কেবল প্রতিরক্ষা জোরদার করার কৌশল নয়, বরং সাম্প্রতিক সীমান্ত ঘটনাগুলোরই ধারাবাহিকতা।

স্থানীয় শিক্ষক মো. রেজা বলেন, ‘এখানে প্রায়ই ভারতীয় সীমান্তরক্ষীরা নিজেদের মতো কাজ করে। বিজিবি বাধা দিলেও তারা থামে না। এমনকি মাঝেমধ্যে মদের বোতল টাঙিয়ে দিয়ে আমাদের উস্কানি দেয়!”

স্থানীয় কৃষক ছামাদ জানান, ‘আমরা সীমান্তে থাকি বলে সব সময় ভয় আর অনিশ্চয়তার মধ্যে থাকতে হয়। একদিন শুনি কাঁটাতার আরেক দিন শুনি বাঁশের ব্যারিকেড! এসব কী সীমান্তে উত্তেজনা ছড়ানোর জন্য?’

পাটগ্রাম ৫১ বিজিবির পানবাড়ি ক্যাম্পের সুবেদার মো. জামিল বলেন, ‘আমরা বিষয়টি নজরে এনেছি এবং প্রতিবাদ জানিয়েছি। আপাতত কাজ বন্ধ হয়েছে, তবে আমরা সতর্ক আছি।’

এ বিষয়ে জানতে রংপুর ৫১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সেলিম আল দীনকে একাধিক বার ফোন করা হলেও তিনি সাড়া দেননি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত