ওয়াশিংটনে বিধ্বস্ত প্লেনের ব্ল্যাক বক্স উদ্ধার

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৫৫ এএম

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে সামরিক হেলিকপ্টারের সঙ্গে আমেরিকান এয়ারলাইনসের একটি প্লেনের সংঘর্ষের ঘটনায় আরোহীদের কেউ বেঁচে নেই বলে নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই তথ্য দিয়েছে দেশটির ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি)। এ দুর্ঘটনার পর শোক জানিয়ে জো বাইডেন প্রশাসনের ব্যর্থতার কথা তুলে ধরে ট্রাম্প বলেন, অযোগ্যদের নিয়োগ দেওয়ায় এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। যদিও এ দাবির পক্ষে তিনি কোনো প্রমাণ দেননি।

এদিকে, আমেরিকান এয়ারলাইনসের ওই প্লেনের ব্ল্যাক বক্স উদ্ধার করা হয়েছে। যুক্তরাষ্ট্র সরকারের স্বাধীন তদন্ত সংস্থা ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড এখন ব্ল্যাক বক্সের তথ্যগুলো বিশ্লেষণ করবে। ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড এ ঘটনার তদন্তে নেতৃত্ব দিচ্ছে। পাশাপাশি বিমানবন্দরের নিয়ন্ত্রণ

কক্ষে কর্মী স্বল্পতা এবং অন্যান্য সম্ভাব্য ত্রুটির বিষয়ে তদন্ত চলছে। সাধারণত এই অঞ্চলে হেলিকপ্টার ও বিমানের চলাচল নিয়ন্ত্রণের জন্য দুজন কর্মী দায়িত্বে থাকেন। কিন্তু দুর্ঘটনার সময় মাত্র একজন কর্মী দায়িত্বে ছিলেন বলে জানা গেছে। প্রাথমিক তদন্ত প্রতিবেদন ৩০ দিনের মধ্যে প্রকাশ করা হবে।

নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (এফএএ)-প্রাথমিক প্রতিবেদনে নিয়ন্ত্রণ কক্ষে কর্মী স্বল্পতাকে স্বাভাবিক নয় বলে উল্লেখ করা হয়েছে। কয়েক বছর ধরে এফএএ গুরুত্বপূর্ণ পদে কর্মী নিয়োগের ক্ষেত্রে সংকটে ভুগছে। তবে সূত্রমতে, হেলিকপ্টার ও বিমানের চলাচল নিয়ন্ত্রণের জন্য একজন কর্মী দায়িত্বে থাকার ঘটনা অস্বাভাবিক নয় এবং এটি নির্দেশিকা লঙ্ঘন করে না।

স্থানীয় সময় গত বুধবার রাতে ওয়াশিংটনের রোনাল্ড রিগ্যান ওয়াশিংটন ন্যাশনাল বিমানবন্দরের কাছে মাঝ আকাশে আমেরিকান এয়ারলাইনসের একটি অভ্যন্তরীণ যাত্রীবাহী উড়োজাহাজের সঙ্গে মার্কিন সেনাবাহিনীর একটি ব্ল্যাক হক হেলিকপ্টারের সংঘর্ষ হয়। এরপর উড়োজাহাজ ও হেলিকপ্টারটি হিমশীতল পটোম্যাক নদীতে বিধ্বস্ত হয়। প্লেনটিতে ৬৪ ও হেলিকপ্টারে তিন আরোহী ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত