ডাকাতের গুলিতে নিহতের ঘটনাস্থল নির্ধারণে জটিলতা

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৪৫ এএম

মুন্সীগঞ্জ সদরের কালীরচর গ্রামে অদুরে মেঘনাবক্ষে দুদল ডাকাতের গোলাগুলিতে দুজন নিহতের ঘটনায় গতকাল শনিবার পর্যন্ত কোনো মামলা রুজু হয়নি। একই সঙ্গে দুদিন পরও ঘটনাস্থল নির্ধারণ নিয়ে নৌ-পুলিশের জটিলতা কাটেনি। চাঁদপুর ও মুন্সীগঞ্জ নৌপুলিশ ঘটনাস্থল নিয়ে দিয়েছেন পরস্পর বিরোধী বক্তব্য। তবে উভয় পুলিশই বলছেন হতাহতদের পরিবার যেকোনো থানাতে মামলা করতে পারবেন।

এদিকে শনিবার দুপুরে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে গোলাগুলিতে নিহত রিফাত হোসেন তুহিন (২৮) ও রাসেল ফকিরের (৩৩) ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। পরে দুজনের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। এ ছাড়া নিহত তুহিন ও রাসেলের বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি, অস্ত্র ও মাদক সংক্রান্ত একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে নৌপুলিশ।

চাঁদপুর নৌপুলিশের পুলিশ সুপার মুশফিকুর রহমান বলেন, সরেজমিনে ঘুরে গুগল ম্যাপে ঘটনাস্থলের সীমানাটি মুন্সীগঞ্জের দেখা গেছে। ঘটনাস্থলটি দুর্গম একটি চর। তবে হতাহতদের স্বজনরা যেখানে চাইবে, সেই থানাতে মামলা করতে পারবে। এ ঘটনায় আমরা অনেক দুর পর্যন্ত কাজ করেছি। তিনি আরও বলেন, নিহত তুহিন ও রাসেলের বিরুদ্ধে তিনটি করে মামলা রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত