রাজধানীর শনির আখড়ায় বিস্ফোরণে আট বছর বয়সী এক শিশুর হাত কবজি থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। নুর ইসলাম নামে গুরুতর আহত শিশুটিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। তবে উন্নত চিকিৎসার জন্য সেখান থেকে তাকে জাতীয় অর্থোপেডিক হাসপাতালে (পঙ্গু হাসপাতাল) পাঠিয়ে দেওয়া হয়।
গতকাল বিকেল সাড়ে ৪টার দিকে শনির আখড়ায় জাপানি বাজার ৪ নম্বর গলির একটি বাসায় এ ঘটনা ঘটে। স্বজনরা জানান, শিশুটির বাবা হৃদয় ওরফে টিপু রিকশাচালক। আর মা বিউটি আক্তার অন্যের বাসায় কাজ করেন। তাদের একমাত্র সন্তান নুর ইসলাম।
শিশুটির মা বিউটি আক্তার জানান, বিকেলে বাসার আশপাশে খেলছিল শিশুটি। তখন ময়লার ভাগাড় থেকে কুড়িয়ে পারফিউমের বোতলের মতো প্লাস্টিকের একটি বস্তু নিয়ে আসে। সেটি তাকে দেখায় এবং বলে, এটির ভেতর পানি দিলে আগুন জ¦লবে। তখন তিনি সেটি দ্রুত ফেলে দিতে বলেন। তবে তার কথা না শুনে সে নিজেই বাথরুমে গিয়ে সেটির ভেতর পানি ভরে রুমের সামনে খেলছিল। এ সময় বিকট শব্দে বিস্ফোরণ হয়। দৌড়ে এসে তিনি দেখেন, শিশুটির ডান হাত কবজি থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। এতে প্রচুর রক্তক্ষরণ হয় হাত থেকে।
