গ্যাসের দাম বৃদ্ধির সমালোচনা করে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘জবাবদিহি নেই বলেই সরকার গ্যাসের দাম বাড়াচ্ছে। নির্বাচিত সরকার থাকলে এ ধরনের পরিস্থিতি তৈরি হতো না।’ গতকাল মঙ্গলবার মানিকগঞ্জ জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পার্ঘ্য অর্পণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, ‘সরকারের জবাবদিহি থাকলে ১২ কেজি গ্যাস সিলিন্ডারে ১৯ টাকা বাড়িয়েছে, এটা তো হতে পারে না। যারা সীমিত আয়ের মানুষ। নিম্ন আয়ের মানুষ সিএনজি, রিকশাচালক, যারা দিনমজুরি করে খায়, তাদের ওপর ভয়ংকর চাপ পড়বে। এই যে প্রতি সিলিন্ডারে ১৯ টাকা করে বাড়ানো হয়েছে, এটা অযৌক্তিক। এটা গণবিরোধী। নির্বাচিত সরকার থাকলে এ ধরনের পরিস্থিতি হবে না।’ তিনি বলেন, ‘আমরা গণতান্ত্রিক দল, অন্তর্র্বর্তী সরকারকে সাপোর্ট দেই। কিন্তু সরকারকে মনে রাখতে হবে আপনাদের সিদ্ধান্ত যেন গণবিরোধী না হয়, গরিব মানুষ মারার সিদ্ধান্ত যেন না হয়। এমনিতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য প্রতিদিন বাড়ছে। চালের দাম কমাতে পারেননি। তার মধ্যে যদি গ্যাসের দাম বাড়ানো হয় তাহলে “মরার উপর খাঁড়ার ঘা” ছাড়া কিছুই নয়।’
