পুতিনের সঙ্গে সংলাপে বসতে প্রস্তুত জেলেনস্কি

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৩৭ এএম

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসানে নিজের অবস্থান পরিবর্তন করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। আর সেজন্য প্রয়োজনে ভ্লাদিমির পুতিনের সঙ্গে শান্তি সংলাপে বসতে তিনি প্রস্তুত বলেও জানিয়েছেন। সম্প্রতি পিয়ার্স মরগানকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন জেলেনস্কি।

সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, ‘ইউক্রেনে শান্তি ফিরিয়ে আনা এবং প্রাণহানি ঠেকানোর যদি এই একটিমাত্র পথই খোলা থাকে সে ক্ষেত্রে আমি শান্তি সংলাপে বসতে প্রস্তুত।’ পুতিন সম্পর্কে মনোভাবসংক্রান্ত প্রশ্নের উত্তরে ইউক্রেনের নেতা বলেন, ‘তার প্রতি কোনো দয়া-মায়া অনুভব করি না এবং তাকে শত্রু মনে করি। আর আমার মনে হয়, তিনিও আমাকে শত্রুই মনে করেন।’

এর আগে বেশ কয়েকবার রাশিয়ার সঙ্গে শান্তি সংলাপের আহ্বান পেলেও তাতে কখনোই সাড়া দেননি জেলেনস্কি। পুতিনের সঙ্গে সংলাপে বসার আগ্রহ প্রকাশের মাধ্যমে এবার নিজের পূর্ব অবস্থান থেকে কার্যত বিপরীত মেরুতে এসে দাঁড়িয়েছেন তিনি। এদিকে কিয়েভকে নতুনভাবে ৬ কোটি ৮৭ লাখ মার্কিন ডলার আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। বুধবার ইউক্রেন সফররত ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি এ ঘোষণা দেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত