পরিবারের জিম্মায় অভিনেত্রী শাওন ও সাবা

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:২৬ এএম

অভিনেত্রী মেহের আফরোজ শাওন এবং সোহানা সাবাকে জিজ্ঞাসাবাদ শেষে গতকাল শুক্রবার বিকেলে পরিবারের জিম্মায় ছেড়ে দিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। ডিবি জানায়, রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে দুজনকে ডিবি কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর তাদের নিজ নিজ পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।

ডিএমপি মিডিয়া বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে জিজ্ঞাসাবাদের বিষয় জানতে চাইলে শাওন দেশ রূপান্তরকে বলেন, এখন কোনো কথা বলতে পারছি না। পরে এ বিষয় নিয়ে কথা বলব।

গত বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে এই অভিনেত্রীকে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে নিজেদের হেফাজতে নেয় ডিবি। রাজধানীর ধানমন্ডির বাসা থেকে তাকে একটি মাইক্রোবাসে সরাসরি মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়। একই দিন সন্ধ্যায় এই অভিনেত্রীর জামালপুরে নরুন্দি রেলওয়েসংলগ্ন বাড়িতে অগ্নিসংযোগ করেছে স্থানীয় ছাত্র-জনতা।

এদিকে গত বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর ধানম-ি এলাকা থেকে সোহানা সাবাকে আটক করে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়। অভিনেত্রী শাওনের পর সোহানা সাবা নজরদারিতে ছিলেন। তার বিরুদ্ধেও দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে। আওয়ামী লীগপন্থি শিল্পীদের হোয়াটসঅ্যাপ গ্রুপ ‘আলো আসবেই’-এর সক্রিয় সদস্য ছিলেন অভিনেত্রী সোহানা সাবা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত