নগর ট্রাফিক পুলিশের বিরুদ্ধে হয়রানির প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ম্যাক্সিমা চালকরা। রবিবার (৯ ফেব্রুয়ারি) দুপুর ১২টা থেকে দেড়টা পর্যন্ত কোতোয়ালী মোড়ে বিক্ষোভ করেন চালকরা।
সড়ক অবরোধের ফলে লালদিঘী থেকে কোতোয়ালী থানা এলাকা পর্যন্ত যানজট সৃষ্টি হয়। পরে ট্রাফিক পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। সমস্যা সমাধানের আশ্বাসে দুপুর দেড়টার দিকে চালকরা সড়ক ছেড়ে যান।
চালকদের অভিযোগ, যাত্রী ওঠানামার জন্য সড়কে দাঁড়ালেই পুলিশ মামলা ঠুকে দিচ্ছেন। নয়তো তারা চাঁদা দাবি করছে। কোতোয়ালীর মোড়ে দাঁড়ানোর জন্য নির্দিষ্ট জায়গা নেই। একটি মামলায় জরিমানা দিতে হয় পাঁচ হাজার টাকা। অথচ সারাদিন গাড়ি চালিয়ে দুই হাজার টাকাও আয় হয় না। তবে পুলিশ বলছে, ম্যাক্সিমা চালকদের হয়রানিমূলক মামলা দেওয়ার সুযোগ নেই। ট্রাফিক পুলিশ কর্তৃক চাঁদা দাবির অভিযোগও সত্য নয়।
এই প্রসঙ্গে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম বলেন, বিভিন্ন দাবিতে ম্যাক্সিমা চালকরা সড়ক অবরোধ করেছিলেন। আমরা তাদের বুঝিয়ে বলার পর তারা উঠে গেছেন।
নগর পুলিশের সহকারী কমিশনার (ট্রাফিক) মোহাম্মদ মারিফুল করিম বলেন, এই মুহূর্তে পুলিশ হয়রানিমূলক মামলা করবে কিংবা চাঁদা দাবি করবে, এমন সুযোগ নেই। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এ বিষয়ে আলোচনা করবেন তিনি।
স্বেচ্ছাসেবক দল নেতা মামুন হত্যা, বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভের পর মামলা নিল পুলিশ