স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর আমৃত্যু কারাদণ্ড 

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:২৪ পিএম

স্ত্রীকে হত্যার দায়ে স্বামীকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন চট্টগ্রাম মহানগর অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক মোহাম্মদ আবদুর রহমান। একই রায়ে হত্যাকাণ্ডে সহযোগিতা করায় ভিকটিমের ভগ্নিপতিকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। আজ সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে এই রায় ঘোষণা করা হয়। 

দণ্ডপ্রাপ্ত আসামি মো. জামিন কিশোরগঞ্জ জেলার করপাশ ইউনিয়নের দক্ষিণহাটি গ্রামের দুলু বাড়ির শাহ আমিনের ছেলে। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি মো. মোস্তফা (২৪) একই জেলার নিকলী থানার দামপাড়া গ্রামের সুন্দরনবন মোড় রফিকের বাড়ির মো. শফিকুল ইসলামের ছেলে। 

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি মো. আবুল কালাম আজাদ জানান, রায় ঘোষণার সময় অভিযুক্ত দুই আসামি আদালতে উপস্থিত ছিলেন। সাজা পরোয়ানামূলে পরে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

জানা গেছে, ২০২২ সালে মো. জামিনের (দণ্ডপ্রাপ্ত) সাথে বিয়ে হয় ভিকটিম রাবেয়া খাতুনের। স্বামীকে নিয়ে থাকতেন হালিশহর থানার এক নম্বর লেইনে। ২০২৩ সালের ১৪ জানুয়ারি পারিবারিক বিরোধের জেরে রাবেয়াকে ছুরিকাঘাতে হত্যা করেন জামিন। 

এ ঘটনায় ২০২৩ সালের ১৫ জানুয়ারি নিহত রাবেয়ার বাবা আব্দুল মালেক চট্টগ্রাম নগরের হালিশহর থানায় জামিনকে আসামি করে হত্যা মামলা করেন। তদন্ত শেষে একই বছরের ২৪ মে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। অভিযোগপত্রে মো. জামিন এবং তার সহযোগী মো. মোস্তফাকে অভিযুক্ত করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত