ফেসবুকে ‘বিদায় বাংলাদেশ’ লিখে বাড়ি থেকে গ্রেপ্তার

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৪৬ এএম

কিশোরগঞ্জের অষ্টগ্রামে ফেসবুকে ‘বিদায় বাংলাদেশ’ লিখে পোস্ট দিয়ে বাড়িতে আত্মগোপনে থাকা তিন মামলার আসামি স্বেচ্ছাসেবক লীগ নেতা রাজীব আহমেদ হেলুকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে অষ্টগ্রাম সদর ইউনিয়নে মধুরবহাটি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রাজীব আহমেদ হেলু উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি।

পুলিশ সূত্রে জানা গেছে, অষ্টগ্রাম উপজেলা স্বেচ্ছাসেবক লীগ ও অষ্টগ্রাম বণিক সমিতির সভাপতি রাজীব আহমেদ হেলু ৫ আগস্ট পরবর্তী সময়ে অষ্টগ্রাম থানায় নাশকতাসহ তিনটি মামলার আসামি। এসব মামলা হওয়ার পর থেকে তিনি পলাতক ছিলেন। গত ৩১ জানুয়ারি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে থাকা একটি ছবি তার ব্যক্তিগত আইডিতে পোস্ট করে লেখেন ‘সময়ের কারণে সবাইকে বলতে পারি নাই, বিদায় বাংলাদেশ।’ ফেসবুকে এমন পোস্টের মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিভ্রান্ত করে বাড়িতেই আত্মগোপনে ছিলেন এই স্বেচ্ছাসেবক লীগ নেতা। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার মধুরহাটি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

অষ্টগ্রাম থানার ওসি রুহুল আমিন এসব তথ্য নিশ্চিত করে জানান, গ্রেপ্তার স্বেচ্ছাসেবক লীগ নেতা রাজীব আহমেদ নাশকতাসহ তিন মামলার পলাতক আসামি। গ্রেপ্তারের পর তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত