সিএমপি’র সাবেক কমিশনারকে কারাফটকে জিজ্ঞাসাবাদের অনুমতি 

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:১২ পিএম

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সাবেক কমিশনার সাইফুল ইসলামকে কারাফটকে তিন দিনের জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত। একইসাথে তাকে চান্দগাঁও থানা এলাকায় শিক্ষার্থী হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ৪র্থ আদালতের বিচারক মোহাম্মদ মোস্তফা এ আদেশ দেন। বিকেল ৩টার দিকে সিএমপির সাবেক শীর্ষ কর্মকর্তাকে আদালতে হাজির করে পুলিশ। 

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট মফিজুল হক ভূঁইয়া বলেন, ‘ঢাকা থেকে গ্রেপ্তার নগর পুলিশের সাবেক কমিশনার সাইফুল ইসলামকে একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে বুধবার বিকেল ৩টার দিকে আদালতে হাজির করা হয়। পুলিশ ৭ দিনের রিমান্ড আবেদন করলে আদালত তাকে জেলগেটে তিন দিন জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।’

জানা গেছে, সাইফুল ইসলামকে জুলাই অভ্যুত্থানে হত্যার শিকার চবি শিক্ষার্থী হৃদয় চন্দ্র তরুয়া হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষার্থী হৃদয় তরুয়া অংশ নেন। আসামিদের কয়েকজনের নির্দেশে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলা ও গুলিবর্ষণ করা হয়। অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে আসামিদের অনেকে হামলায় যোগ দেন। গত বছরের ১৮ জুলাই নগরের চান্দগাঁও এলাকায় গুলিতে আহত হলে হাসপাতালে ভর্তি করা হয় হৃদয়কে। পরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় ২৩ জুলাই মারা যান তিনি। 

এ ঘটনায় হৃদয়ের বন্ধু আজিজুল হক বাদী হয়ে গতবছরের ২০ সেপ্টেম্বর নগরের চান্দগাঁও থানায় ২০৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৪০০-৫০০ জনকে আসামি করে একটি মামলা করেন।

এর আগে বুধবার সকালে রাজধানী ঢাকা থেকে সাবেক সিএমপি কমিশনার সাইফুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ। গত বছরের ২৩ আগস্ট তাকে ম্যাস র‌্যাপিড ট্রানজিট (এমআরটি) থেকে চট্টগ্রাম নগর পুলিশের ৩২তম কমিশনার হিসেবে পদায়ন করা হয়। গত ২১ আগস্ট তাকে রাজশাহীর সারদায় পুলিশ একাডেমিতে সংযুক্ত করা হয়। গত বছরের জুলাই-আগস্টে গণ-অভূত্থানে চট্টগ্রাম নগরে শিক্ষার্থীসহ ১০ জন নিহত হন। আহত হন পাঁচ শতাধিক। 

এ ঘটনায় থানা ও আদালতে ৮২টির বেশি মামলা হয়। এসব মামলায় একাধিক সাবেক সংসদ সদস্যসহ আওয়ামী লীগের  নেতাকর্মীদের আসামি করা হয়। 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত