খুলনায় একসঙ্গে চার সন্তান জন্ম দিয়েছে আকলিমা নামের এক গৃহবধূ। বুধবার (১২ ফেব্রুয়ারি) সকালে খুলনার গাজী মেডিকেল কলেজ হাসপাতালে এই চার সন্তানের জন্ম দেন তিনি। জন্ম নেওয়া নবজাতকদের মধ্যে তিন ছেলে ও এক মেয়ে। অপারেশনের পর মা ও নবজাতকরা সুস্থ রয়েছেন বলে জানিয়েছেন চিকিৎসক।
এ ঘটনায় আনন্দিত তার পরিবারের সদস্যরা। গৃহবধূ আকলিমার স্বামী সুজন কাজী একসঙ্গে চার সন্তান পেয়ে উচ্ছ্বসিত।
চিকিৎসকরা জানিয়েছেন, একসাথে চার সন্তানের জন্ম খুবই বিরল এবং এ ক্ষেত্রে মা ও নবজাতকরা সম্পূর্ণ সুস্থ থাকাটা সৌভাগ্যের বিষয়। এই অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন করেন গাজী মেডিকেল কলেজ হাসপাতালের গাইনী এন্ড অবস বিভাগের প্রধান ডা. আমিনা জান্নাত পিয়া ও তাঁর চিকিৎসক দল।
খুলনা গাজী মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান (অব্স অ্যান্ড গাইনি বিভাগ) ডা. আমিনা জান্নাত পিয়া বলেন, আকলিমার এটি দ্বিতীয় ডেলিভারি ছিল। সে জানতো যমজ বাচ্চা পেটে। যখন আসছে তখন ব্যথায় কষ্ট পাচ্ছিল। বাচ্চা ছিল উল্টো পজিশনে। যার জন্য ইমার্জেন্সিতে তাকে সিজারের জন্য অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। সবকিছু ম্যানেজ করে অপারেশন শুরু করি। অপারেশন করে পরপর চারটি বাচ্চা প্রসব করানো হয়। হাসপাতালের সব বিভাগ মিলে মা এবং নবজাতকদের সেবা দেওয়ার চেষ্টা করেছি। এখন সকলেই ভালো আছে।
