চট্টগ্রাম থেকে ছেড়ে আসা একটি তেলবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। গতকাল শনিবার মধ্যরাতে সিলেটের দক্ষিণ সুরমার পারাইচক শিববাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, আজ রবিবার সোয়া ১০টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত এখনো ট্রেন চলাচল স্বাভাবিক হয়নি। কুলাউড়া থেকে আসা রিলিফ ট্রেন দুর্ঘটনাস্থলে পৌঁছেছে এবং মূল উদ্ধার কাজ চলছে।
রেলওয়ের কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, চট্টগ্রাম থেকে আসা ১৪টি তেলবাহী ওয়াগনের মধ্যে একটি লাইনচ্যুত হয়, ফলে প্রায় ৪০০ থেকে ৫০০ মিটার রেললাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। এ কারণে সিলেট স্টেশন থেকে নির্ধারিত সময়ে ঢাকাগামী উপবন এক্সপ্রেস ছেড়ে যেতে পারেনি, যাত্রীদের মধ্যে চরম ভোগান্তি বিরাজ করছে।
স্টেশন সূত্রে জানা গেছে, উদ্ধার কাজ বিলম্বিত হলে সকালে সিলেট থেকে ঢাকাগামী ও চট্টগ্রামগামী ট্রেনগুলোর শিডিউল বিপর্যয় ঘটতে পারে। ঢাকা ও চট্টগ্রাম থেকে আসা ট্রেনগুলোকেও মোগলাবাজার এলাকায় অপেক্ষা করতে হবে, যতক্ষণ না লাইনচ্যুত বগিটি সরানো হয়।
সিলেট রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক নুরুল ইসলাম বলেন, ‘ওয়াগন লাইনচ্যুত হওয়ার কারণে সিলেট থেকে ঢাকার উদ্দেশে উপবন ট্রেনটি যাত্রা করতে পারেনি ও ঢাকা থেকে সিলেটের উদ্দ্যেশে ছেড়ে আসা কালনী এক্সপ্রেস ট্রেনটি সিলেট স্টেশনে আসতে পারেনি। রিলিফ ট্রেনের মাধ্যমে উদ্ধার কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।’
সিএনজি অটোরিকশা মিটারে না চললে জেল-জরিমানার বিধান বাতিল
চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের ১০ নেতাকর্মী গ্রেপ্তার