খুলনা বিভাগের বিভিন্ন জায়গায় গতকাল রবিবার অভিযান চালিয়ে ১৪টি প্রতিষ্ঠানকে ২ লাখ ৪৪ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এর মধ্যে দুপুরে নগরীর গগনবাবু রোডের ২ নম্বর কাস্টমস ঘাটের ওরিয়ন গ্রুপের ডিপোতে অভিযান চালিয়ে ৬৯ বস্তা মেয়াদোত্তীর্ণ লাচ্ছা সেমাই বিনষ্ট করা হয়েছে। এরই সঙ্গে ২ লাখ টাকা জরিমানাও করা হয়।
এদিকে মহানগরীর দারোগাপাড়া ও বটিয়াঘাটা উপজেলার মোহাম্মদনগর এলাকায় অভিযান চালিয়ে দুটি প্রতিষ্ঠানকে ৬ হাজার টাকা, সদর উপজেলার বড়বাজার এলাকায় অভিযান চালিয়ে দুটি প্রতিষ্ঠানকে ৪ হাজার, খোকসা উপজেলার খোকসা বাজার এলাকায় অভিযান চালিয়ে একটি প্রতিষ্ঠানকে ১২ হাজার, কচুয়া উপজেলার কচুয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে একটি প্রতিষ্ঠানকে ৫ হাজার, শাখিলা উপজেলার তালখড়ি ও ধনেশ্বরগাতি বাজার এলাকায় অভিযান চালিয়ে দুটি প্রতিষ্ঠানকে ২ হাজার, সদর উপজেলার বড় বাজার এলাকায় অভিযান চালিয়ে দুটি প্রতিষ্ঠানকে ৯ হাজার এবং দেবহাটা উপজেলার পারুলিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তিনটি প্রতিষ্ঠানকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়।
