গুম, আয়নাঘর এগুলো শেখ মুজিবের শাসনামল থেকেই শুরু হয়েছিল বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। গতকাল মঙ্গলবার দুপুরে তারুণ্যের উৎসব ২০২৫এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
দেশ জুড়ে আয়োজিত উৎসবের ধারাবাহিকতায় ঢাকায় প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) উদ্যোগে প্রতিষ্ঠানটির মিলনায়তনে এই উৎসবের আয়োজন করা হয়। উৎসবের অংশ হিসেবে গতকাল মঙ্গলবার পিআইবি চত্বরে আলোকচিত্র, গ্রাফিতি ও ভিডিও প্রদর্শনীর আয়োজন করা হয়। এ উৎসব আজ বুধবারও অনুষ্ঠিত হবে।
মাহফুজ বলেন, ‘শেখ মুজিব যে একনায়কতন্ত্র বাস্তবায়ন করতে চেয়েছিলেন, সেটিই বাস্তবায়ন করেন শেখ হাসিনা। শেখ মুজিব যেভাবে বিরোধীদের ওপর নির্যাতন করেছেন, শেখ হাসিনাও তাই করেছেন। রাষ্ট্রের টাকা খরচ করে শেখ হাসিনা প্রশাসনের বিভিন্ন স্তরে গুণ্ডা লালন পালন করতেন। দেশের প্রশাসন-পুলিশকে রক্ষী বাহিনীতে রূপান্তর করেছিল হাসিনা।’ তিনি বলেন, ‘নয়াপল্টনে বড় বড় মিছিল দেখেছি। বুড়ো লিডারশিপ পারেনি হাসিনাকে ক্ষমতাচ্যুত করতে। কিন্তু এই তরুণরা চাওয়া মাত্রই তা সম্ভব হয়েছে। তাই আমাদের তরুণদের উজ্জীবিত রাখতে হবে। যে সুন্দর স্বপ্ন নিয়ে তরুণরা রাজপথে নেমেছে, সেই স্বপ্ন এখনো বাস্তবায়ন হয়নি। খুনিদের বিচার নিশ্চিত করতে পারলেই সবার স্বপ্ন পূরণ হবে।’
মাহফুজ আলম বলেন ‘মানুষের যে চাওয়া ছিল দেশ সংস্কারের, আমরা তা আজও বাস্তবায়ন করতে পারিনি। সরকারের জায়গা থেকে আমরা বিচার নিশ্চিতের চেষ্টা করছি।’
‘এই জাতিকে উদ্ধারের প্রকল্প অনেক বড়’ এমনটা উল্লেখ করে মাহফুজ বলেন, ‘শুধু নির্বাচন আর সংস্কার দিয়ে কাজ শেষ হবে না। সরকার যথেষ্ট চেষ্টা করছে নতুন রাষ্ট্র গঠনের।’
অনুষ্ঠানে অন্তর্র্বর্তী সরকারের প্রেস সচিব শফিকুল আলম বলেন, ‘গত ১৫ বছর আমরা কেউ নামলাম না। আমাদের অপেক্ষা করতে হলো কিছু নাহিদের জন্য, আসিফদের জন্য। কিছু মাহফুজদের জন্য। হাসিনার মতো ভয়ংকর স্বৈরাচারকে নিয়ন্ত্রণ করতে পারেনি বুড়োরা। বারবার বড় বড় মিছিল হয়েছে নয়া পল্টনে বা ঢাকা জুড়ে। আমরা কেউ দাঁড়াতে পারিনি। একদিন হঠাৎ তরুণেরা বলল, আমরা দাঁড়াব, এরপর দেখেন কী পরিবর্তন এলো। আওয়ামী লীগ কিছু করতে পারেনি। দেখেন, তার পুরো পলিটিক্যাল ক্যারিয়ার ইজ ওভার। যে ভয়ানক ম্যাসাকার (গণহত্যা) করেছে, এটাকে জাতিসংঘ বলেছে মানবতার বিরুদ্ধে অপরাধ।’
পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফের পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা। সভাপতির বক্তব্যে তিনি বলেন, ‘ফ্যাসিস্ট সরকার আমাদের ওপর জগদ্দল পাথরের মতো চেপে বসেছিল। প্রতিটি প্রতিষ্ঠানকে তারা ধ্বংস করে গেছে। তরুণদের নেতৃত্বে জাতি ১৫ বছরের কালো অধ্যায় পার করতে পেরেছে।’
