দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগে সাবেক স্বাস্থ্য সচিব জাহাঙ্গীর আলম বুলবুলকে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল মঙ্গলবার দুদকের সহকারী পরিচালক মো. রাকিবুল হায়াত আদালতে হাজির করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে গতকাল ভোরে রাজধানীর রমনার সচিব নিবাস থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সহায়তায় সাবেক এ সচিবকে আটক করা হয়।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার মোহাম্মদ রবিউল হোসেন ভূঁইয়া গণমাধ্যমকে এ তথ্য জানান। তিনি বলেন, জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে দুদকের মামলা আছে। দুদকের চাহিদার কারণে ডিবি পুলিশ তাকে বাসা থেকে আটক করে ডিবি কার্যালয়ে নেয়। পরে তাকে দুদকে হস্তান্তর করা হয়।
দুদক সূত্রে জানা গেছে, জাহাঙ্গীর আলম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহকারী একান্ত সচিব ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব ছিলেন। গতকাল দুদকের সহকারী পরিচালক রাকিবুল হায়াত বাদী হয়ে তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের একটি মামলা করেন।
মামলার এজাহারে বলা হয়, সরকারি কর্মচারী হিসেবে তার ওপর অর্পিত দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার করে জ্ঞাত আয়বহির্ভূত ১৩ কোটি ৭৫ লাখ ৮৪ হাজার ৭৫০ টাকা সম্পদ অর্জন করে নিজ ভোগদখলে রাখেন।
সাবেক এমপি রনজিত ও তার স্ত্রী-সন্তানের নামে ৪ মামলা : যশোর-৪ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) রনজিত কুমার রায়, তার স্ত্রী ও দুই ছেলের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে ১৫ কোটি ৪৬ লাখ ৩ হাজার ২৪ টাকা মূল্যের অবৈধ সম্পদ অর্জন এবং ২১৯ কোটি ১২ লাখ ৬৫ হাজার ৯৬৭ টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে পৃথক চারটি মামলা করার অনুমোদন দিয়েছে দুদক। গতকাল এসব মামলার অনুমোদন দেওয়া হয় বলে জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন।
