করাচির ন্যাশনাল স্টেডিয়াম—যেখানে এক সপ্তাহ আগেই ৩৫১ রান তাড়া করে জিতেছিল পাকিস্তান। সমর্থকরা ভেবেছিলেন, আজও হবে তেমন কিছুই। তবে নিউজিল্যান্ডের কঠিন পরীক্ষায় ধসে পড়ল স্বাগতিক ব্যাটিং লাইনআপ। ৩২১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৪৭.২ ওভারে ২৬০ রানেই গুটিয়ে গেল পাকিস্তান, হারল ৬১ রানে।
শুরু থেকেই ধুঁকতে থাকে পাকিস্তান। বাবর আজম একপ্রান্ত আগলে রাখলেও রানের গতি বাড়াতে পারেননি। ৯০ বল খেলে ৬ চার ও ১ ছক্কায় ৬৪ রান করেন তিনি। সৌদ শাকিল ১৯ বলে মাত্র ৬ রান করে ফেরেন। ফখর জামানও ছিলেন নিষ্প্রভ—৪১ বলে ২৪ রানেই থামেন তিনি। অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান তো আরও হতাশাজনক, ১৪ বলে ৩ রান করে ফিরে যান সাজঘরে।
একটু লড়াইয়ের আভাস দেন সালমান আলি আগা ও খুশদিল শাহ। আগা ২৮ বলে ৬ চার ও ১ ছক্কায় ৪২ রান করেন, খুশদিল ৪৯ বলে ১০ চার ও ১ ছক্কায় ঝড়ো ৬৯ রান করেন। তবে জয়ের জন্য তা যথেষ্ট হয়নি।
শেষদিকে শাহিন আফ্রিদি ১৩ বলে ১৪, নাসিম শাহ ১৪ বলে ১৩ ও হারিস রউফ ৮ বলে ১৩ রান করেন। কিন্তু ততক্ষণে পরাজয় নিশ্চিত হয়ে গেছে।
নিউজিল্যান্ডের হয়ে বল হাতে দুর্দান্ত উইল ও’রুর্ক, ৪৭ রানে ৩ উইকেট নেন তিনি। অধিনায়ক মিচেল স্যান্টনারও শিকার করেন ৩ উইকেট।
ঘরের মাঠে হতাশাজনক শুরু হলো পাকিস্তানের। চ্যাম্পিয়নস ট্রফিতে ঘুরে দাঁড়াতে হলে রিজওয়ানদের সামনে এখন কঠিন চ্যালেঞ্জ!
কাল একুশে পদক নেবেন সাবিনা-মারিয়া
বাবরকে সরিয়ে শীর্ষে গিল