জাতীয় বিশ্ববিদ্যালয়

অন ক্যাম্পাস অনার্স প্রোগ্রাম বন্ধের বিরুদ্ধে বিক্ষোভ

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৩৬ এএম

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন ক্যাম্পাস অনার্স প্রোগ্রাম বন্ধের সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। গতকাল বুধবার দুপুর ১২টায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) কার্যালয়ের সামনে অবস্থান নেন তারা।

শিক্ষার্থীদের দাবি, শিক্ষা মন্ত্রণালয়ের অন ক্যাম্পাস অনার্স প্রোগ্রাম বন্ধের চিঠি প্রত্যাহার এবং তৃতীয় ব্যাচের ভর্তি কার্যক্রম চালু করা।

আন্দোলন চলাকালে কিছু কর্মকর্তা ও কর্মচারী শিক্ষার্থীদের ওপর হামলা চালায়, তবে প্রশাসন এখনো কোনো ব্যবস্থা নেয়নি।

বিশ্ববিদ্যালয় কর্র্তৃপক্ষ দাবি পূরণের জন্য একাধিকবার সময় নিলেও চূড়ান্ত সিদ্ধান্ত না আসায় দাবি আদায় না হওয়া পর্যন্ত শিক্ষার্থীরা তাদের আন্দোলন চালিয়ে যাবে বলে জানায়।

শিক্ষার্থী লামিয়া ভূঁইয়া বলেন, আমাদের ভবিষ্যৎ নিয়ে এভাবে খেলতে দেওয়া যায় না। আমরা এখানে ভর্তি হয়েছি স্বপ্ন নিয়ে, এখন যদি এ প্রোগ্রাম বন্ধ হয় তাহলে আমাদের জীবন অনিশ্চয়তার মুখে পড়বে।

আফিউল হাসান নামে আরেক শিক্ষার্থী বলেন, আমরা চাই, আমাদের দাবি দ্রুত মেনে নেওয়া হোক। কর্র্তৃপক্ষ একের পর এক সময় নিচ্ছে, কিন্তু কোনো সমাধান দিচ্ছে না। আমরা পড়াশোনা চালিয়ে যেতে চাই, আন্দোলন করতে নয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এএসএম আমানুল্লাহ বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসটি অনেক ছোট। সেখানে অন ক্যাম্পাস কোনো প্রোগ্রাম চালানো কঠিন। বিষয়টি সমাধানের জন্য একটি কমিটি করা হয়েছে। সেই কমিটির সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত