ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে করে ছাত্রদল নেতাকর্মীদের বিরুদ্ধে দেশের বিভিন্ন জায়গায় চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ তুলেছে ছাত্রশিবির। গতকাল রবিবার বিকেলে মধুর ক্যান্টিনে হওয়া ছাত্রশিবিরের এই সংবাদ সম্মেলনের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ছাত্রদল। মধুর ক্যান্টিনে ছাত্রশিবিরের উপস্থিতি মুক্তিযুদ্ধের ইতিহাসকে কলঙ্কিত করবে বলে মনে করে ছাত্রদল। এ ছাড়া ক্যান্টিনটির প্রতিষ্ঠাতা স্বত্বাধিকারী মধুসূদন দে’র (মধুদা) হত্যাকাণ্ডের নৈতিক দায় ছাত্রশিবিরকে নিতে হবে বলে এক বিবৃতিতে উল্লেখ করেছে ছাত্রদল। গতকাল সন্ধ্যায় সংগঠনের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এসব কথা বলেন।
মুক্তিযুদ্ধকে ভারতীয় ষড়যন্ত্র উল্লেখ করে শিবির বীর মুক্তিযোদ্ধা ও শহীদদের অবমাননা করছে বলেও ছাত্রদলের বিবৃতিতে উল্লেখ করা হয়।
ছাত্রদলের বিবৃতিতে বলা হয়, ‘ছাত্ররাজনীতির সূতিকাগার ঐতিহাসিক মধুর ক্যান্টিনের প্রতিষ্ঠাতা স্বত্বাধিকারী মধুসূদন দে (মধুদা) ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তানি হানাদার বাহিনী কর্র্তৃক পরিচালিত অপারেশন সার্চলাইটে হানাদার বাহিনীর হাতে শহীদ হন। জামায়াতে ইসলামী এবং ইসলামী ছাত্রসংঘ পাকিস্তানি হানাদার বাহিনীর সহযোগী হয়ে মহান মুক্তিযুদ্ধে স্বাধীনতাবিরোধী ভূমিকা পালন করে। শহীদ মধুদার হত্যাকাণ্ডের নৈতিক দায় জামায়াতে ইসলামী, তাদের ছাত্রসংগঠন ইসলামী ছাত্রসংঘ এবং পরে ইসলামী ছাত্রশিবিরকে নিতে হবে।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘স্বাধীনতাবিরোধী সংগঠন জামায়াতে ইসলামীর ছাত্রসংগঠন ইসলামী ছাত্রশিবিরের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন শহীদ মধুদার প্রতি এবং তার পরিবারের প্রতি অসম্মানজনক। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মধুর ক্যান্টিনে ছাত্রশিবিরের সংবাদ সম্মেলন আয়োজনের নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।’
বিবৃতিতে ছাত্রদলের নেতারা বলেন, ‘শহীদের নিজের আঙিনায় খুনির সহযোগীদের বিচরণ খুবই ন্যক্কারজনক ঘটনা। অনুতাপ ও বিবেকবোধ থেকেই ছাত্রশিবিরের মধুর ক্যান্টিনে আসা উচিত নয়।’
মধুর ক্যান্টিনে ছাত্রশিবিরের উপস্থিতি মুক্তিযুদ্ধের ইতিহাসকে কলঙ্কিত করবে উল্লেখ করে বলা হয়, ‘অপারেশন সার্চলাইটে শহীদ মধুদার মতো অসংখ্য মানুষ শহীদ হওয়ার পরিপ্রেক্ষিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা করেছিলেন। কিন্তু ছাত্রশিবির নানাভাবে মুক্তিযুদ্ধকে ভারতীয় ষড়যন্ত্র বলে বীর মুক্তিযোদ্ধাদের এবং বীর শহীদদের অবমাননা করছে।’
